মোথাবাড়িকাণ্ডে চার্জশিট দিল NIA, ৪-এর মধ্যে দুই মামলাতেই মোফাক্কেরুল-বাগানির নাম!

বেঙ্গল মিরর ডেস্ক: মালদার মোথাবাড়িকাণ্ডে তদন্তে বড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। এসআইআর সংক্রান্ত কাজ করতে গিয়ে বিচারবিভাগীয় আধিকারিকদের ঘেরাও ও আটকে রাখার ঘটনায় দায়ের হওয়া ১২টি মামলার মধ্যে চারটি মামলায় মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে চার্জশিট জমা দিল জাতীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমার মধ্যেই এই চার্জশিট দাখিল করা হয়েছে। সংবাদসংস্থা ওয়াল এনআইএ সূত্র উদ্ধৃত করে লিখেছে, চারটি মামলার মধ্যে দু’টিতে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে মোফাক্কেরুল ইসলামের। শুধু তাই নয়, চার্জশিটে রয়েছেন আকরামুল বাগানির নামও। চারটি মামলার মধ্যে দু’টিতে তিনজন করে অভিযুক্ত রয়েছেন। একটি মামলায় ১৫ জন এবং অন্য একটি মামলায় ১০ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে বলেই খবর। 

সংবাদমাধ্যমে প্রকাশ- ডিজিটাল ও প্রযুক্তিগত তথ্যপ্রমাণ, ভিডিয়ো ফুটেজ এবং একাধিক প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতেই চার্জশিট তৈরি করা হয়েছে। অভিযোগপত্রে প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এবং ঘটনার দিন তাঁদের ভূমিকার বিস্তারিত উল্লেখ করা হয়েছে বলেই খবর। এনআইএর দাবি, অভিযুক্তরা বেআইনিভাবে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেছিলেন এবং মালদহে এসআইআরের কাজে নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের আটকে রেখেছিলেন। চার্জশিটে সেই অভিযোগেরই বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। এমনই খবর করেছে ওয়াল। 

প্রসঙ্গত, মালদহের মোথাবাড়ির ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছিল দেশের সর্বোচ্চ আদালত। গত ১১ মে সুপ্রিম কোর্ট এনআইএ-কে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেয় এবং তদন্ত সম্পূর্ণ করার জন্য দু’মাস সময়সীমাও বেঁধে দেয়। সেই নির্দেশ মেনেই তদন্তে গতি এনে প্রথম ধাপে চারটি মামলায় চার্জশিট পেশ করা হল।

Post a Comment

0 Comments