জাহানারা খাতুন
ইসলামিক দৃষ্টিকোণ থেকে একজন ইমাম হচ্ছেন সমাজের নেতা। যখন নামায পরিচালনা করা হয় তখন তিনি সর্বময়কর্তা। সৃষ্টিকর্তার বিধান মেনে সঠিকভাবে নামায পরিচালনা করা এবং সমস্ত মুসল্লি বা নামাযে অংশগ্রহণকারীকে নিজের মতো করে পরিচালনার ক্ষমতা রাখেন তিনি। সুশৃঙ্খল সমাজ তৈরি করা এবং সৃষ্টিকর্তার পথে পরিচালনার ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন একজন ইমাম। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একজন ইমাম অত্যন্ত মর্যাদাবান হলেও সামাজিকভাবে তাঁরা সেভাবে যোগ্য মর্যাদা পান না। বাধ্য হয়ে সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে ধর্মীয় কর্তব্য পালন করেন রাজ্যের ইমামরা। এরই মধ্যে নজির গড়ল পশ্চিম মেদিনীপুরের একটি জুমা মসজিদ। একজন ইমামকে যাতে উপযুক্ত সম্মান প্রদর্শন করা হয় এবং তিনি মাসিক বেতন এমন হারে পান যাতে তিনি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন সে পথে বাংলার মুসলিম সমাজকে দিশা দেখাল এই মসজিদ কমিটি।
জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার সবকুইয়ে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চেরিটেবল ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হয় ক্বেরাত কনফারেন্স, ইসলাহী মুয়াশারাহ ও সম্প্রীতি সভা। ধর্মীয় শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও ইমামদের মর্যাদা প্রতিষ্ঠার বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মাওলানা জিয়াউল হক লস্কর, সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাসসহ বিভিন্ন জেলার দায়িত্বশীল ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ইমামদের সর্বোচ্চ সাম্মানিক প্রদানকারী মসজিদ কমিটিগুলিকে সংবর্ধনা প্রদান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় গড়বেতা ১ নম্বর ব্লকের আঁকাড়িয়া জুমা মসজিদ কমিটি তাদের ইমাম মাওলানা হাফিজুর রহমানকে প্রতি মাসে ৩১ হাজার টাকা বেতন প্রদান করছে, যা বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার ইমামদের মধ্যে সর্বোচ্চ বলে উল্লেখ করা হয়। ইমামদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দৃষ্টান্তমূলক ভূমিকার স্বীকৃতি হিসেবে ওই মসজিদ কমিটিকে অনুষ্ঠানে বিশেষ সম্মান জানানো হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস বলেন, ইমামরা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই তাঁদের এমন সাম্মানিক দেওয়া উচিত, যাতে তাঁরা স্বচ্ছল ও মর্যাদাপূর্ণভাবে জীবনযাপন করে নিষ্ঠার সঙ্গে মসজিদের দায়িত্ব পালন করতে পারেন। আগামী দিনে রাজ্যের বিভিন্ন জেলায় এ ধরনের সংবর্ধনা কর্মসূচি চালু থাকবে বলেও তিনি জানান। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের হুগলি জেলা সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক হাফেজ মুশতাক আহমেদ, পশ্চিম মেদিনীপুর জেলা জমিয়ত সভাপতি মুফতি ইব্রাহিম কাসেমী, জেলা জমিয়ত সম্পাদক ক্বারী তৈয়ব, ক্বারী হেদায়েতুল্লাহ, ঝাড়গ্রাম জেলা সম্পাদক হাফেজ জাকির হোসেন, পুরুলিয়া জেলা সম্পাদক মাওলানা আব্বাস আনসারী, পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মাওলানা আব্দুল খালেক প্রমুখ।

0 Comments