সরে দাঁড়ালেন 'পুষ্পা', পুনর্নির্বাচনের আগে ফলতায় হার তৃণমূলের

বেঙ্গল মিরর ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের নির্বাচনের আগে ঘটে গেল বিরাট রাজনৈতিক বদল। হার মানলেন সেখানকার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন 'পুষ্পা' ।  এই সিদ্ধান্ত সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে বাংলার রাজনীতিতে। কী কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। যদিও ফলতার বাহুবলি তৃণমূল নেতা জাহাঙ্গীর নিজেই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, ফলতার উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একইসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা যায় তাঁর মুখে।

আগামী ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হওয়ার কথা। মঙ্গলবারই ছিল প্রচারের শেষ দিন। ঠিক সেই সময়েই আচমকা প্রার্থীপদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন জাহাঙ্গীর। কয়েক দিন আগেই ফলতার সভা থেকে জাহাঙ্গির খানকে নিয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, জাহাঙ্গিরের বিষয়টি তিনি নিজে দেখবেন। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই ভোট-ময়দান থেকে সরে দাঁড়িয়ে শুভেন্দুর প্রশংসা করায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। 

এ নিয়ে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, যাঁরা এতদিন বড় বড় কথা বলতেন, শেষ পর্যন্ত তাঁরাই ভোটের লড়াই ছেড়ে পিছিয়ে গেলেন। অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য, রাজনৈতিক লড়াইয়ের মাঠে চাপের মুখে পড়ে সরে দাঁড়ানো দুর্বলতার পরিচয়। তাঁর দাবি, অতীতে বহু হামলার মুখেও বামপন্থীরা লড়াই চালিয়ে গিয়েছে,  কিন্তু এভাবে পিছু হটেনি।

Post a Comment

0 Comments