বেঙ্গল মিরর ডেস্ক: আজ রবিবার সাতসকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল জুরিখগামী যাত্রীবাহী বিমান। দিল্লি বিমানবন্দরে টেক অফের ঠিক আগের মুহূর্তে সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি বিমানটি থেকে যাত্রীদের নামানোর প্রক্রিয়া শুরু হলে ৬ জন আহত হন। যদিও কারও আঘাতই গুরুতর নয় বলে বিমানবন্দর সূত্রে খবর।
জানা গিয়েছে, সুইস এয়ারের এলএক্স১৪৭ বিমানটি তখন জুরিখের উদ্দেশে পাড়ি দেওয়ার জন্য রানওয়েতে গতি বাড়াচ্ছিল। সেই সময় আচমকা পাইলটর ইঞ্জিনে কোনও সমস্যা অনুভব করেন। ঝুঁকি না নিয়ে তৎক্ষণাৎ উড়ান বাতিল বা ‘অ্যাবর্ট’ করার সিদ্ধান্ত নেন তাঁরা। প্রত্যক্ষদর্শী যাত্রীদের দাবি, সেই সময় বিমানের ভেতর ধোঁয়া দেখতে পাওয়া গিয়েছিল, যাতে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়ায়।
বিমানের ভেতরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত আপৎকালীন প্রোটোকল সক্রিয় করা হয়। বিমানে সেই সময় ২২৮ জন যাত্রী ও ৪টি শিশু ছিল। জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীদের নামানোর কাজ শুরু হয়। হুড়োহুড়ি করে নামতে গিয়েই ৬ জন যাত্রী চোট পান। বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা অ্যাডভাইজরি অনুযায়ী, রানওয়ে ২৮/১০-এ এই ঘটনার জেরে ‘ফুল ইমার্জেন্সি’ ঘোষণা করা হয়েছিল। যদিও এর ফলে অন্যান্য বিমান চলাচলে কোনও প্রভাব পড়েনি। ঘটনার খবর পাওয়ামাত্রই দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। বর্তমানে বিমানটি কারিগরি বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রয়েছে। ঠিক কী কারণে ইঞ্জিনে ধোঁয়া বা যান্ত্রিক গোলযোগ দেখা দিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বিকল্প বিমানে যাতায়াত ও সাময়িক বাসস্থানের ব্যবস্থা করছে সংশ্লিষ্ট বিমান সংস্থা।
0 Comments