অনুমতি ছাড়া রাজ্যে নিষিদ্ধ হল জমায়েত, কড়া হচ্ছে কমিশন

বেঙ্গল মিরর ডেস্ক: পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আবহে মালদহের কালিয়াচকে ঘটে যাওয়া বিচারক ঘেরাও-কাণ্ড থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার থেকেই রাজ্যজুড়ে জমায়েতের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে নির্বাচন কমিশনের সূত্রে খবর। জানা গিয়েছে, অনুমতি ছাড়া কোনও মিছিল, সভা বা জমায়েত করা যাবে না। শুধু তাই নয়, নির্দেশ অমান্য করলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে বলেও জানানো হয়েছে। কেউ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরে যেতে চাইলে, তার জন্য আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক।সিইও দফতর সূত্রে স্পষ্ট বার্তা, ভবিষ্যতে যদি দফতর ঘেরাও বা কোনও ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি প্রয়োজন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হতে পারে।


প্রসঙ্গত, বুধবার সকাল থেকেই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে মালদহের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। সেইসময় কালিয়াচক-২ ব্লক অফিসে এসআইআর সংক্রান্ত কাজে নিযুক্ত ছিলেন বিচারবিভাগীয় আধিকারিকরা। প্রায় রাত পর্যন্ত তাঁদের আটক করে রাখা হয়েছিল বলে খবর। সেই ঘটনায় মোথাবাড়ি কেন্দ্রের আইএসএফ প্রার্থী শাহজাহান আলিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় আরও ১৭ জনকে আটক করা হয়েছে। আর বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি, সিইও এবং সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের খবর, দীর্ঘ সময় ধরে চলা এই বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এ বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।কেন্দ্রীয় সংস্থা দ্বারা তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত। 


Post a Comment

0 Comments