বেঙ্গল মিরর ডেস্ক: তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকদের আকাশ বা স্থলপথ—উভয় মাধ্যমেই ইরানে ভ্রমণ না করার জন্য কঠোর পরামর্শ দিয়েছে। জানা গিয়েছে, একটি নির্দেশিকায় দূতাবাস জানিয়েছে যে, আঞ্চলিক উত্তেজনার কারণে সৃষ্ট আকাশসীমা সংক্রান্ত বিধিনিষেধ এবং পরিচালনগত অনিশ্চয়তার কারণে ইরানে আসা-যাওয়ার আন্তর্জাতিক বিমান চলাচলকে প্রভাবিত করে চলেছে। দূতাবাস আরও পুনর্ব্যক্ত করেছে যে, বর্তমানে ইরানে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকের উচিত দূতাবাসের সঙ্গে কঠোর সমন্বয় বজায় রেখে, নির্ধারিত স্থল সীমান্ত পথ দিয়ে ওই দেশ ছেড়ে চলে যাওয়া।
এমনিতেই ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধবিরতিএখনও বহাল রয়েছে। তবে তেহরানের তরফে প্রথম থেকেই আশঙ্কা প্রকাশ করা হয়, যুদ্ধ বিরতির সুযোগ নিয়ে ডোনাল্ড ট্রাম্প আসলে ইরানকে বড় ধরনের আক্রমণের প্রস্তুতি নিচ্ছেন। সেই আশঙ্কা তীব্র হয়েছে একের পর এক মার্কিন রণতরি উপসাগরে মোতায়ন করায়। বৃহস্পতিবার রাতে আরও এক রণতরী পাঠিয়েছে আমেরিকা। এই পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদে যুদ্ধের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। মনে করা হচ্ছে সেই কারণেই ভারতীয় দূতাবাস দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে নাগরিকদের। তেহরানে অবস্থিত ভারতের দূতাবাস তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, যে ভারতীয়রা বর্তমানে ইরানে অবস্থান করছেন, তাদের দ্রুত দেশটি ত্যাগ করতে হবে। তবে এই প্রস্থান প্রক্রিয়ায় বিশৃঙ্খলা এড়াতে নাগরিকদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে। দূতাবাস বলেছে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্যেও এই যোগাযোগ জরুরি। এজন্য একাধিক যোগাযোগ নম্বর এবং ইমেইল প্রকাশ করেছে তেহরানের ভারতীয় দূতাবাস। তারা ভারতীয়দের পরামর্শ দিয়েছে দূতাবাসকে না জানিয়ে কেউ যেন স্থল সীমান্তে না যান। বিমানে দেশ ছাড়তে হলেও দূতাবাসকে টিকিট নম্বর এবং যাত্রার তারিখ সময় ইত্যাদি জানাতে বলা হয়েছে।

0 Comments