মুখ্যমন্ত্রী মমতার গাড়ি তল্লাশি, বিতর্ক জিইয়ে রাখছেন সিইও মনোজ আগরওয়াল

বেঙ্গল মিরর ডেস্ক: খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি তল্লাশি ঘিরে তৈরি হল চরম বিতর্ক। বুধবার উত্তর দিনাজপুরের এক নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী বিস্ফোরক অভিযোগ তুলে জানান যে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁর গাড়ি আটকানোর চেষ্টা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। মুখ্যমন্ত্রী জানান, কলকাতা বিমানবন্দরে যাওয়ার পথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁর গাড়ি থামিয়ে তল্লাশির চেষ্টা করে। নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বিষয়টিকে 'পক্ষপাতমূলক আচরণ' বলে অভিহিত করেছেন। জনসভা থেকেই সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ বিমানবন্দরে যাওয়ার পথে কেন্দ্রীয় বাহিনী আমার গাড়ি চেক করার চেষ্টা করেছিল। আমি বলব, যদি দম থাকে তবে রোজ আমার গাড়ি চেক করুন, আমার কিছু যায় আসে না।”

এই ঘটনায় সিইও মনোজ আগরওয়াল বলেন, 'আমার কাছে এমন কোনও খবর নেই, আমি তো শুনিনি যে মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ করা হয়েছে। যদি কোনও ভিভিআইপি গাড়ি সার্চ হয়, তাহলে আমাদের কাছে সেই খবর থাকবে। কিন্তু আমি তেমন কোনও খবর পাইনি। আজকে ডিজি, সিপি সবাই এসেছিলেন, যদি সার্চ হয়েও থাকে, তাহলে সেটা নিয়মের মধ্যেই পড়ে। কেন্দ্রীয় বাহিনি তাদের কর্তব্য পালন করেছে।' নির্বাচন নিয়ে তিনি বলেন, 'যদি কেউ মনে করে বুথে ঢুকে অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না।'


Post a Comment

0 Comments