বালিগঞ্জের সিপিএম প্রার্থী সত্যিই ‘সর্বহারা’, আফরিনের স্থাবর সম্পত্তি ‘শূন্য’

বেঙ্গল মিরর ডেস্ক: এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বামেদের প্রার্থী তালিকার চমকপ্রদ নাম অবশ্যই আফরিন বেগম।  তিনি বালিগঞ্জ কেন্দ্রে সিপিএম-এর মুখ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের দিন মুহাম্মদ সেলিম ও শমীক লাহিড়ীর সঙ্গে প্রথম দেখা যায় আফরিনকে। আর সেই থেকেই তাঁকে নিয়ে চর্চা শুরু। ‘সর্বহারা’ দলের ২৯ বছর বয়সি এই তরুণী প্রার্থীর বিষয়-আশয় বলতে কিছুই নেই। স্থাবর সম্পত্তির ঘরে বড় বড় হরফে লেখা রয়েছে ‘শূন্য’।

গত সোমবার আফরিন মনোনয়ন জমা দিয়েছেন। সেইসঙ্গে তাঁর জমা দেওয়া হলফনামার হিসাব অনুযায়ী, আফরিনের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৭৬ হাজার ৭৭৭ টাকা ৮২ পয়সা। পেশাগত লড়াইয়ের ময়দানে নামলেও তাঁর পকেটে নগদ রয়েছে নামমাত্র— মাত্র ৫০০ টাকা। তবে সঞ্চয়ের ঝোঁক রয়েছে তাঁর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখা-সহ মোট তিনটি ব্যাঙ্কে তাঁর গচ্ছিত আমানত ১ লক্ষ ৪৬ হাজার ৭৮৫ টাকা ২২ পয়সা। ব্যাঙ্কের গণ্ডি ছাড়িয়ে শেয়ার বাজারেও অল্পবিস্তর লগ্নি করেছেন তিনি। আরইসিএল, ভারত ইলেকট্রনিক্স এবং আইআরএফসি-র মতো সংস্থার শেয়ার রয়েছে তাঁর ঝুলিতে। যার বর্তমান বাজারমূল্য সব মিলিয়ে প্রায় সাড়ে ২১ হাজার টাকা। 


জানা গিয়েছে, আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে জীবন বিমা নিগমে ১ লক্ষ টাকার একটি পলিসিও করেছেন এই বামপ্রার্থী। আফরিনের নামে যেমন কোনও গাড়ি নেই, তেমনই সোনাদানা বা মূল্যবান অলঙ্কারের কলামটিও ফাঁকা। আশ্চর্যের বিষয় হল স্থাবর সম্পত্তি। অনেক রাজনীতিকের পাহাড়প্রমাণ বিষয়-সম্পত্তি থাকলেও আফরিন জানাচ্ছেন, তাঁর নামে কোনও চাষযোগ্য জমি, ভিটেমাটি বা বাণিজ্যিক ইমারত— কিছুই নেই। আয়কর রিটার্ন জমা দেওয়ার মতো রোজগারও এখনও তাঁর হয়নি বলে হলফনামায় উল্লেখ। কোনও ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে তিনি ঋণও নেননি।

Post a Comment

0 Comments