২৮৪ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, মাঠে-ময়দানের কর্মীদের গুরুত্ব না দেওয়ার অভিযোগ

বেঙ্গল মিরর ডেস্ক: রবিবার অবশেষে রাজ্যের ২৮৪ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। শনিবার দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন সমিতির বৈঠক হয়। সেখানেই একাধিক আসনে প্রার্থীর নামে শিলমোহর পড়ে বলে খবর।  এরপরেই রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করা হল। এবার মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভা আসন থেকে লড়াইয়ের ময়দানে নামছেন অধীর চৌধুরী। অন্যদিকে ভবানীপুর বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী প্রদীপ প্রসাদ। রাজ্যের অন্যতম হেভিওয়েট কেন্দ্র এই ভবানীপুর। একদিকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী অন্যদিকে তৃণমূলের প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী তথা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কংগ্রেসের দক্ষিণ কলকাতার জেলা সভাপতি প্রদীপ প্রসাদকে এবার প্রার্থী করল কংগ্রেস। পাশাপাশি নন্দীগ্রাম বিধানসভা আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী। এই আসনে কংগ্রেসের প্রার্থী জরিয়াতুল হোসেন। দলের অন্যতম যুব মুখ তিনি। পাশাপাশি কংগ্রেসের প্রার্থী হয়েছেন মৌসম বেনজির নূর। গত মাসখানেক আগেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন তিনি। এবার প্রার্থী হওয়া নিয়ে জল্পনা ছিল। অবশেষে মালদহের মালতীপুর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন মৌসম। 


অন্যদিকে উত্তর দিনাজপুরের চাকুলিয়া বিধানসভা আসন থেকে এবারও প্রার্থী করা হয়েছে আলি ইমরান রামজ় ওরফে ভিক্টরকে। পাশাপাশি প্রার্থী করা হয়েছে প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের পুত্র রোহন মিত্রকেও। তাঁকে বালিগঞ্জ বিধানসভা আসন থেকে প্রার্থী করেছে কংগ্রেস। এছাড়াও কংগ্রেসের প্রথম তালিকায় একাধিক এমন নাম রয়েছে, যারা একটা সময় বিধায়ক হিসাবে দায়িত্ব সামলেছেন। তবে এই তালিকায় নাম নেই প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের। প্রায় ২০ বছর পর রাজ্যে ২৯৪ আসনে একক শক্তিতে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে শুভঙ্কর সরকারের নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেস। দিল্লিতে একযোগে সেই ঘোষণায় খুশি হয়েছিলেন তৃণমূল স্তরের বহু সাধারণ কংগ্রেস কর্মীই। প্রদেশের তরফে রাজ্যজুড়ে কর্মীদের দেওয়াল দখল, রাজনৈতিক কর্মসূচি শুরুর নির্দেশও দেওয়া হয়। 

এইদিকে প্রার্থী নিয়ে কর্মীদের একাংশ না-খুশি।  অভিযোগ , মাঠে-ময়দানে থাকা কর্মীদের টিকিট দেওয়া হয়নি। এক সক্রিয় কংগ্রেস কর্মী, প্রদেশ কংগ্রেসের সাবেক মুখপাত্র ও সাবেক সোশ্যাল মিডিয়া ইনচার্জ তথা বিধাননগর বিধানসভা কেন্দ্রে ২০২১ সালের প্রার্থী অভিষেক ব্যানার্জি ফেসবুক-এ লেখেন, ''দুখে - রাকেশ - সইফুল - প্রমোদ - আশফাক ; রাস্তায় দল করা ছেলেগুলোর নাম নেই ? পর্বত তো মুষিকও প্রসব করলো না এযাত্রায় ; আর আমরা নাকি kingmaker? ''

Post a Comment

0 Comments