যুদ্ধবিধ্বস্ত আরব-দুনিয়া: তড়িঘড়ি নিরাপত্তা কমিটির বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী মোদি

বেঙ্গল মিরর ডেস্ক: ইরানের সর্বোচ্চনেতা খামেনেই-এর মৃত্যু এবং ইরান-আমেরিকা সংঘাতের জেরে কার্যত বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আরব-দুনিয়া। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে গভীর উদ্বেগে নয়াদিল্লি। এবার পরিস্থিতির গুরুত্ব বিচার করে রবিবার রাতেই মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, রণক্ষেত্রের মাঝখানে আটকে পড়া হাজার হাজার ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে আনাই এখন কেন্দ্রের প্রধান চ্যালেঞ্জ।

জানা গিয়েছে, সফর কাটছাঁট করে দিল্লিতে প্রধানমন্ত্রী মোদি।  গুজরাত, রাজস্থান ও দক্ষিণ ভারত সফর সেরে রবিবার রাতেই দিল্লি ফিরছেন প্রধানমন্ত্রী। প্রাথমিক খবর অনুযায়ী, বিমানবন্দর থেকে সোজাসুজি তিনি নিরাপত্তা কমিটির বৈঠকে যোগ দেবেন। এই বৈঠকে বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল উপস্থিত থাকতে পারেন।

অনেকেই বলছেন, নয়াদিল্লির দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ‘হরমুজ প্রণালী’। ইরান ও ওমানের মধ্যবর্তী এই সংকীর্ণ জলপথ দিয়েই বিশ্বের এক-পঞ্চমাংশ তেল রফতানি হয়। যুদ্ধ শুরু হতেই তেহরান এই পথ দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। ভারত তার প্রয়োজনীয় জ্বালানি তেলের ৮০ শতাংশই বিদেশ থেকে আমদানি করে, যার বড় অংশ আসে এই আরব-দুনিয়া থেকে। জাহাজ চলাচল বন্ধ থাকায় দেশে পেট্রোপণ্যের দাম আকাশছোঁয়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আজকের বৈঠকে এই সঙ্কট মোকাবিলায় ‘বিকল্প রুট’ নিয়ে আলোচনা হতে পারে।

Post a Comment

0 Comments