বেঙ্গল মিরর ডেস্ক: নির্বাচন কমিশনের খামখেয়ালিপনা ফের সামনে এলো। রাজ্যের পুলিশ ও প্রশাসনের সর্বস্তরে ব্যাপক রদবদলেও ক্ষান্ত নয় নির্বাচন কমিশন। এবার বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরেও একদফা রদবদল করা হল। সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের একাধিক আধিকারিককে সরিয়ে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে। সুব্রত পালকে উপ-মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ থেকে সরিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সিনিয়র ডেপুটি সেক্রেটারি পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় নতুন ডেপুটি সিইও হিসাবে দায়িত্ব নিচ্ছেন রাহুল নাথ। তিনি এতদিন স্বাস্থ্য দফতরের অতিরিক্ত সচিব ছিলেন।
একইসঙ্গে সিইও দফতরের আরও তিন শীর্ষ আধিকারিককেও বদলি করা হয়েছে। অতিরিক্ত সচিব নরেন্দ্রনাথ দত্তকে শ্রম দফতরে এবং অতিরিক্ত সচিব সুপ্রিয় দাসকে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ ও হর্টিকালচার দফতরে পাঠানো হয়েছে। যুগ্ম সচিব মিঠু সরকারকে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরে স্থানান্তর করা হয়েছে। এভাবে রাজ্য প্রশাসনে রদবদল জারি রেখেছে কমিশন।

0 Comments