কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার: দেখানো হলো কালো পতাকা

বেঙ্গল মিরর ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় এলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।  আর এ নিয়ে উত্তেজনা ছড়াল শহরে।  রবিবার রাতে কলকাতা বিমানবন্দরের বাইরে মুখ্য নির্বাচন কমিশনার এবং কমিশনের ফুল বেঞ্চের কনভয় লক্ষ্য করে বিক্ষোভ দেখান শাসকদলের কর্মী সমর্থকদের একাংশ। এমনকি নির্বাচন কমিশনারের গাড়ি লক্ষ্য করে কালো পতাকাও দেখানো হয়। তবে এ দিন জ্ঞানেশ কুমারকে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। গোটা ঘটনাটি তাঁর সামনেই ঘটে। 

ছবি সংগৃহীত 

জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের প্রস্তুতি পর্যালোচনা করতে তিনদিনের সফরে কলকাতায় পৌঁছেছে জাতীয় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। বিমানবন্দর থেকে বেরিয়ে কমিশনের প্রতিনিধি দলটি যখন শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখনই একদল বিক্ষোভকারী তাঁদের পথ আটকানোর চেষ্টা করেন। বিক্ষোভকারীদের হাতে ছিল কালো পতাকা এবং মুখে ছিল গো-ব্যাক স্লোগান। পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এলেও কমিশনের সফর ঘিরে শুরুতেই এই বিক্ষোভ বুঝিয়ে দিল আগামী দুদিন পরিবেশ কতটা ভারী থাকবে।

সূত্রের খবর, কলকাতা সফরকালে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে প্রতিনিধি দলটি রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবে। তার মধ্যে রয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক: রাজ্যের শাসক ও বিরোধী—সব স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভিযোগ ও পরামর্শ শুনবে কমিশন। তাছাড়া প্রশাসনিক ও পুলিশি পর্যালোচনাও চলবে। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হবে। পাশাপাশি জেলাস্তরের প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশন। জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্স ও সরাসরি আলোচনার মাধ্যমে বুথস্তরের প্রস্তুতি খতিয়ে দেখা হবে।

Post a Comment

0 Comments