SIR বিরোধী আন্দোলনে বাধা দিচ্ছে তৃণমূল? দুই ব্যক্তির গ্রেফতারি ঘিরে মারাত্মক অভিযোগ

বেঙ্গল মিরর ডেস্ক: ভোটার তালিকার বিশেষ সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে। বহু বৈধ ভোটারকে অবৈধ করে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে সরব হচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গ্রামীন এলাকায় ক্ষুদ্র তৃণমূলই এসআইআর বিরোধী আন্দোলনকে দমিয়ে দিতে চাইছে বলে অভিযোগ। মুর্শিদাবাদের একটি ঘটনাকে কেন্দ্র করে এমনই মারাত্মক অভিযোগ করল মানবাধিকার সংগঠন এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রাইটস বা এপিডিআর। সংগঠনের রাজ্য নেতা রঞ্জিত সুর এ নিয়ে বুধবার তার ফেসবুক অ্যাকাউন্টে প্রতিবাদ জানান এবং ক্ষোভ প্রকাশ করেন।

মানবাধিকার কর্মী রঞ্জিত সুর লেখেন, "আজ মুর্শিদাবাদের একটি গ্রামীণ এলাকায় 'পিপলস্ বিগ্রেড' নামের একটি সংগঠনের দুই জন তরুণ কর্মী, তাদের মধ্যে একজন মহিলা, SIR বাতিলের দাবীতে তৃণমূল স্তরে প্রচার করছিলেন। এলাকার তৃণমূল পঞ্চায়েত প্রধান জানতে পেরে লোকজন নিয়ে বাধা দেয়। পরে তাদের ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এপিডিআর এর মুর্শিদাবাদ জেলা কমিটি জানতে পেরে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পুলিশ জানায় ওদের মুর্শিদাবাদের রেজিনগর থানায় রাখা হয়েছে। রেজিনগর থানায় যোগাযোগ করলে ওসি স্বীকার করেন যে ওরা রেজিনগর থানাতে আছে। কিন্তু কেন আটক করা হয়েছে বা কখন ছাড়া হবে সে বিষয়ে কোন তথ্য দিতে অস্বীকার করে। এপিডিআর এসডিপিও-র কাছে এই আটকে আপত্তি জানায় এবং তার হস্তক্ষেপ দাবি করে। কেন কোন সংগঠন এসআইআর এর বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রচার করলে বাধা দেওয়া হবে বা পুলিশ আটক করবে? এসডিপিও বলেন, তিনি কিছুই জানেন না। আধ ঘন্টা পরে উনি বিস্তারিত খোঁজ নিয়ে জানাবেন । কিন্তু আধঘন্টা পর থেকে এসডিপিও বা থানার ওসি কেউই আর ফোন ধরছেন না। ওদের মুক্তিরও কোন খবর পাওয়া যায়নি।আমরা এসআইআর ( SIR) বিরোধী আন্দোলনে তৃণমূল দলের এই গুন্ডাগিরির বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি। একইসঙ্গে পুলিশের এই বেআইনি আটকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সকলের কাছে আবেদন জানাচ্ছি। অবিলম্বে আটক দুই তরুন রাজনৈতিক কর্মীর নি:শর্ত মুক্তির দাবী জানাচ্ছি।"

এ দিকে এপিডিয়ারের অভিযোগ সম্পর্কে পুলিশ বা তৃণমূলের তরফে কোন উত্তর পাওয়া যায়নি। এ বিষয়ে সংবাদ মাধ্যমে কোন বিবৃতি দেওয়া হয়নি। আমরা যোগাযোগ করব নিঃসন্দেহে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বক্তব্যও তুলে ধরা হবে

Post a Comment

0 Comments