বেঙ্গল মিরর ডেস্ক: শনিবার পশ্চিমবঙ্গে এসে একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের প্রতি হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁকে অসম্মান করা হয়েছে, এই অভিযোগে পোস্ট করেছেন খোদ প্রধানমন্ত্রীও। এরপরই আসরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে পোস্ট করার পর এবার প্রধানমন্ত্রীকেই আক্রমণ শানালেন অভিষেক এবং সেই আক্রমণ শানাতে গিয়ে এক ব্র্যাকেটে নিয়ে আসলেন ইডি, সিবিআই থেকে শুরু করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকেও।
এ নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "পশ্চিমবঙ্গের মানুষ বনাম বিজেপি, নির্বাচন কমিশন, ইডি, আইটি, সিবিআই, এনআইএ, কেন্দ্রীয় বাহিনী, রাজ্যপাল, ২০জন কেন্দ্রীয় মন্ত্রী, ১০জন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, গোদি মিডিয়া।" তাঁর কথায়, "যখন সবাই বাংলার বিরুদ্ধে একজোট হয়, বাংলা মাথা নত করে না, আরও শক্ত হয়ে রুখে দাঁড়ায়।"
![]() |
| TBM Graphics |
অভিষেক লিখেছেন, 'ব্রিং ইট অন।' তৃণমূল এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বারবার অভিযোগ করেছেন, বাংলায় ক্ষমতা দখলের জন্য বিজেপি নানা চক্রান্ত করছে, এজেন্সিগুলিও ব্যবহার করছে। তবে এদিন পোস্টের মাধ্যমে অভিষেক আরও একবার বুঝিয়ে দিলেন, 'কেন্দ্র ও বিজেপি কোনও অবস্থাতেই তাঁদের উদ্দেশ্য সফল করতে পারবে না।'
জানা গিয়েছে সভাস্থল বদল থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানাতেও মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি, বাংলার জনজাতি নিয়ে রাষ্ট্রপতির উদ্বেগ, একের পর এক ঘটনাকে কেন্দ্র করে শনিবার পারদ চড়ছে। এ নিয়ে বাংলায় পোস্ট করে মোদি লিখেছেন, 'এটি লজ্জাজনক এবং অভুতপূর্ব। গণতন্ত্র এবং জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজন সকলেই মর্মাহত। জনজাতি সম্প্রদায় থেকেই উঠে আসা রাষ্ট্রপতি মহোদয়ার প্রকাশিত বেদনা ও উদ্বেগ ভারতের মানুষের মনে গভীর দুঃখের সঞ্চার করেছে।'
শনিবার উত্তরবঙ্গ সফরে এসে রাজ্য প্রশাসন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দিয়ে দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি আক্ষেপের সুরে বলেন, “আমিও বাংলার মেয়ে, অথচ আমাকে বাংলায় আসতেই দেওয়া হয় না। জানি না মমতাদির আমার উপর কেন এত রাগ!”

0 Comments