বেঙ্গল মিরর ডেস্কঃ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে চূড়ান্ত ভোটার তালিকা বা এসআইআর-এর ফাইনাল তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যদিও তাতে জট পুরোপুরি কাটেনি। নির্বাচন কমিশন শনিবার যে তালিকা প্রকাশ করল, তাতে রাজ্যের ভোটারের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন। আর সেখানেই উদ্বেগের বিষয়, এই তালিকার মধ্যেও প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘বিচারাধীন’ বা Under Adjudication। এর অর্থ হল- এই ভোটারদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত এবং আসন্ন নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করা নিয়ে চূড়ান্ত প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।
পরিসংখ্যান দেখলে দেখা যাবে, গত বছর অক্টোবর মাসে ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়া শুরু হওয়ার সময় রাজ্যে ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। খসড়া তালিকা প্রকাশের সময় ইতিমধ্যেই ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। শনিবারের চূড়ান্ত তালিকা প্রকাশের সময় আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন ভোটারের নাম ছাঁটাই করা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে।
![]() |
| TBM Graphic |
নির্বাচন কমিশন যে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে ৬০ লক্ষের বেশি নামের পাশে ‘বিচারাধীন’ লেখা রয়েছে। এই নামগুলি চূড়ান্ত কি না, তা যাচাই করার দায়িত্ব সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত ৫০১ জন বিচারবিভাগীয় আধিকারিককে দেওয়া হয়েছে। কমিশনের দাবি, নথি যাচাইয়ের পর যেমন যেমন নিষ্পত্তি হবে, তেমনভাবে উপযুক্ত নামগুলি চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।
এইদিকে জেলাভিত্তিক বিচারাধীন ভোটারের তালিকার পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, যে জেলাগুলিতে সংখ্যালঘু ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে বেশি, সেখানেই নাম বাদের হার এবং বিচারাধীন ভোটারের সংখ্যা সর্বাধিক। জেলাভিত্তিক বিচারাধীন ভোটারের তালিকা নীচে দেওয়া হল। জানা গিয়েছে, ১। মুর্শিদাবাদ ১১,০১,১৪, ২। মালদা ৮,২৮,১২৭, ৩। উত্তর ২৪ পরগনা ৫,৯১,২৫২, ৪। দক্ষিণ ২৪ পরগনা ৫,২২,০৪২, ৫। উত্তর দিনাজপুর ৪,৮০,৩৪১, ৬। পূর্ব বর্ধমান ৩,৬৫,৫৩৯, ৭। হাওড়া ২,৮৯,৭১৪, ৮। নদীয়া ২,৬৭,৯৪০, ৯। কোচবিহার ২,৩৮,১০৭, ১০। বীরভূম ২,০২,০৫৯, ১১। হুগলি ১,৭১,৭৭৮, ১২। পশ্চিম বর্ধমান ১,৩৭,৯৪৯, ১৩। দক্ষিণ দিনাজপুর ১,৩২,২৫৮, ১৪। জলপাইগুড়ি ১,০৮,১৯২, ১৫। পশ্চিম মেদিনীপুর ১,০৩,৪৯৭, ১৬। পূর্ব মেদিনীপুর ৮০,১৭৬, ১৭। দার্জিলিং ৮০,০০৬, ১৮। দক্ষিণ কলকাতা ৭৮,৬৫৭, ১৯। উত্তর কলকাতা ৬১,২৩৬, ২০। বাঁকুড়া ৩৯,১১৭, ২১। পুরুলিয়া ৩৩,৫৭৭, ২২। আলিপুরদুয়ার ৮০,৪৯৪, ২৩। ঝাড়গ্রাম ৬,৬৮২, ২৪। কালিম্পং ৬,৭৯০। রাজ্যে মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন বিচারাধীন।
এ দিকে বিভিন্ন গণসংগঠন ও সংখ্যালঘু অর্গানাইজেশগুলোর অভিযোগ, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে সংখ্যালঘুদের বেছে বেছে হয়রানি করা হচ্ছে। এমনকি একই বুথে বহুক্ষেত্রে সংখ্যালঘুদের কেসগুলো পেন্ডিং রেখে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। যদিও নির্বাচন কমিশন নিরপেক্ষ কাজ করছে বলে দাবি।

0 Comments