বেঙ্গল মিরর ডেস্ক: ভারতের মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা PoK এবং আকসাই চিন-কে অন্তর্ভুক্ত করে একটি মানচিত্র প্রকাশ ঘিরে কূটনৈতিক অস্বস্তিতে পড়ল ইসলামাবাদ। যা নিয়ে পাকিস্তানের বিদেশমন্ত্রক জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের দাবি, মানচিত্রটি জাতিসংঘ-স্বীকৃত সীমারেখার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মার্কিন বাণিজ্য প্রতিনিধির দফতরের সোশ্যাল মিডিয়া পোস্টে প্রকাশিত ওই মানচিত্রে গোটা জম্মু ও কাশ্মীর-কে ভারতের অংশ হিসেবে দেখানো হয়। পরে অবশ্য সেই পোস্টটি মুছে দেওয়া হয়।
![]() |
| সৌজন্যে সোশ্যাল মিডিয়া |
আর পুরো বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠকে পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, “কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ওই মানচিত্রটি পোস্ট করা হয়েছিল। আমরা মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা স্বীকার করেছে মানচিত্রটি ভুল ছিল। জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক মানচিত্র, যেখানে পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রিত অঞ্চল আলাদা করে দেখানো রয়েছে, সেটি জাতিসংঘের আইনি স্বীকৃতি প্রাপ্ত। জাতিসংঘের ওয়েবসাইটে গেলে সেই মানচিত্র দেখা যাবে।” তিনি আরও বলেন, পাকিস্তান “সন্তোষের সঙ্গে লক্ষ্য করেছে যে মার্কিন পক্ষ ওই ভুলের প্রয়োজনীয় সংশোধন করেছে এবং জাতিসংঘ-স্বীকৃত আইনি মানচিত্রকেই তুলে ধরেছে, যেখানে জম্মু ও কাশ্মীরকে একটি বিতর্কিত অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। যার চূড়ান্ত মীমাংসা জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের মাধ্যমে হওয়া উচিত, ইউএনএসসি রেজোলিউশন অনুযায়ী।"

0 Comments