বেঙ্গল মিরর ডেস্ক: সমাজে এমন বহু মানুষ আছে, যারা নিজের সন্তানের বিয়ের জন্য অন্যদের দ্বারে দ্বারে হাত পাতে। এমন অসহায় মানুষদের সাহায্যের জন্য এগিয়ে এলেন কলকাতা পুরনিগমের কাউন্সিলর হাজী জসিমউদ্দিন। মূলত সমাজসেবী হাজী জসীমউদ্দিনের উদ্যোগে রবিবার ২৪ জোড়া যুবক-যুবতীর শুভ বিবাহ সম্পন্ন হয়। এই অনুষ্ঠানকে আনন্দময় এবং তাৎপর্য পূর্ণ করে তুলতে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের অন্যান্য কাউন্সিলর, মেয়র পারিষদ সদস্য, নেতা মন্ত্রী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষজন। বহু আলেম-ওলামা মঞ্চে থেকে জসীমউদ্দিনের কর্মকাণ্ডকে উৎসাহিত করেন এবং প্রশংসায় ভরিয়ে তোলেন।
এ প্রসঙ্গে উদ্যোক্তা জসিমউদ্দিন বলেন, তিনি এ বছর ২৪ জোড়া যুবক-যুবতীর বিবাহের আয়োজন করেছেন। সবাইকে জামা কাপড় থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী সংসারের জন্য একান্তই অপরিহার্য সেগুলো প্রদান করা হয়েছে। খাট, আলমারি, চেয়ার, টেবিল, থালা-বাসন ইত্যাদি মিলিয়ে শতাধিক সামগ্রী দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, জায়নামায, কুরআন থেকে শুরু করে তসবি ইত্যাদি উপহার সামগ্রী সবার হাতে তুলে দেওয়া হয়েছে। আগামী দিনেও তিনি তার এই কাজকে এগিয়ে নিয়ে যেতে চান এবং মানুষ যেভাবে তাকে ভালোবাসা দিয়েছে তাতে তিনি আপ্লুত বলে উল্লেখ করেন। এবং বিভিন্ন অতিথিরা এই কাজের প্রশংসা করেন এবং আগামীতে যাতে তিনি এ ধরনের কাজ ধারাবাহিকভাবে করে যান সেই প্রত্যাশাও জ্ঞাপন করেন।


0 Comments