ইসলামাবাদে বিস্ফোরণ, মৃত বেড়ে ৩১: শোকপ্রকাশ শেহবাজ শরিফের

ইসলামাবাদ: পাকিস্তানের ইসলামাবাদে একটি শিয়া মসজিদে হামলায়মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১। আহত হয়েছেন আরো ১৬৯ জন। তবে পরিস্থিতি যা তাতে অনুমান করা হচ্ছে সংখ্যা আরও বাড়তে পারে।  শুক্রবার জুম্মার নমাজের পর শেহজাদ টাউন এলাকার তারলাই ইমামবারগাহ (শিয়া মসজিদ) কেঁপে ওঠে বিস্ফোরণে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারী আত্মঘাতী বোমারু মসজিদের মূল হলে প্রবেশের চেষ্টা করেছিল তখনই যেখানে কয়েকশ মানুষ নমাজরত ছিলেন। তবে প্রবেশদ্বারে থাকা সতর্ক নিরাপত্তারক্ষীরা তাকে আটকে দেন। ঠিক সেই মুহূর্তেই হামলাকারী নিজের দেহে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। যদিও গেটের সামনেই বিস্ফোরণটি ঘটে, তবে রক্ষীদের সাহসিকতার কারণে মূল হলের ভেতরে থাকা অসংখ্য প্রাণ বেঁচে গেছে।

Image Credit Bloomberg

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের তীব্রতায় মসজিদের প্রবেশদ্বার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এবং আশপাশের ভবনের কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল মানবদেহের দেহাংশ। ঘটনার পরপরই পুরো ইসলামাবাদে জরুরি অবস্থা জারি করেছে পাক প্রশাসন। আহতদের উদ্ধার করে পিমস (PIMS) ও পলিক্লিনিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মাত্র তিন মাস আগেই (১১ নভেম্বর, ২০২৫) ইসলামাবাদের একটি আদালত চত্বরে আত্মঘাতী হামলায় ১২ জন প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর কেন্দ্রস্থলে এই হামলা পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন।

সূত্র: UBS 

Post a Comment

0 Comments