আসিফ রেজা আনসারী
ইসলাম ভাবধারার সংগঠন হলেও দেশের সংবিধান মেনে গণতান্ত্রিক উপায়ে নিজেদেরকে সংগঠিত করতে পেরেছে ছাত্র সংগঠন এসআইও বা স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। কিন্তু সম্প্রতি এই সংগঠন সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করেছেন সদ্য দলত্যাগী সিপিএম নেতা তথা নব্য তৃণমূলনেতা প্রতীক-উর রহমান। তিনি এই সংগঠনকে নিষিদ্ধ, জঙ্গি এবং মৌলবাদী বলে আক্রমণ করেছেন। যা নিয়ে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। একইসঙ্গে সংগঠনের সদস্য থেকে শুরু করে সমর্থকরা প্রতিবাদ জানাচ্ছেন। এবার এই বিষয়ে সম্মিলিত প্রতিবাদ জানাতে এবং আগামী কর্মসূচি জানাতে সাংবাদিক সম্মেলন করা হয় এসআইয়ের রাজ্য দফতরে। মঙ্গলবার সন্ধ্যায় আলিমুদ্দিন স্ট্রিট অর্থাৎ সিপিআইএমের সদর দফতর থেকে ঢিল ছোড়া দূরত্বে এই সংগঠনের অফিস থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্যনেতা ইমরান হোসেন, শফিকুল ইসলাম মন্ডল এবং ওয়াকিল আহমেদ। সকলেই প্রতীক-উর রহমানের বক্তব্যের কড়া নিন্দা জানান এবং ক্ষমা না চাইলে মামলা করার হুঁশিয়ারি দেন।
![]() |
| সাংবাদিক সম্মেলনে এসআইও'র রাজ্য নেতৃত্ব |
এ দিন ইমরান হোসেন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আমরা একটি ছাত্র সংগঠন এবং প্রতীক-উর রহমান নিজে একটি ছাত্র সংগঠন থেকে উঠে এসেছে, ফলে তার কাছ থেকে এরকম মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি ইচ্ছাকৃত বলেছেন নাকি অনিচ্ছাকৃত তা আমাদের জানা নেই, তবে যে কথা বলেছেন তার জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে আগামীতে হাইকোর্টে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। অন্য এক প্রসঙ্গে ইমরান হোসেন বলেন, ছাত্র সংগঠন হিসেবে নানান ইস্যুতে তাদের সংগঠনের সঙ্গেও আমাদের কাছাকাছি আসার সুযোগ হয়েছে। ফলে এরকম দায়িত্বজ্ঞানহীর মন্তব্য তার কাছ থেকে কখনোই কাম্য ছিল না। প্রতীক-উর রহমান বর্তমানে তৃণমূলের সদস্য তাই তৃণমূল যাতে এই ধরনের মন্তব্যকে সমর্থন না করে এবং আগামীতে সচেতন হয় এ বিষয়েও আর্জি জানান ইমরান হোসেন।

0 Comments