বেঙ্গল মিরর ডেস্ক: দুনিয়ার বৃহত্তম অপরিশোধিত তেলের ভান্ডার ভেনেজুয়েলার ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করতে চলেছে আমেরিকা। খবরে প্রকাশ, সম্প্রতি সমুদ্রপথে ভেনেজুয়েলার একটি বিশাল তেলের ট্যাংকার আটকে দিয়েছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকার অনুমতি ছাড়া ভেনেজুয়েলা থেকে কোনও তেলের ট্যাংকার আন্তর্জাতিক বাজারে যেতে পারবে না। এটি নিয়ে গত কয়েক মাসে পঞ্চমবারের মতো ভেনেজুয়েলার ট্যাংকার মাঝপথে আটকাল ওয়াশিংটন।
জানা গিয়েছে, ভেনেজুয়েলার তেলের ওপর মার্কিন আধিপত্য স্থায়ী করতে শুক্রবার হোয়াইট হাউসে আমেরিকার শীর্ষ তৈল পরিশোধনকারী সংস্থাগুলোর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন ট্রাম্প। সংবাদসংস্থা জানিয়েছে, বৈঠকে ট্রাম্প ওই সংস্থাগুলোকে ভেনেজুয়েলার তেল শিল্পে বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি প্রস্তাব দিয়েছেন প্রায় ১০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯ লক্ষ কোটি টাকা) বিনিয়োগের। ট্রাম্পের লক্ষ্য, ভেনেজুয়েলার জরাজীর্ণ হয়ে পড়া তেলের পরিকাঠামোকে মার্কিন প্রযুক্তিতে নতুন করে গড়ে তোলা এবং উৎপাদনকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যা আগে কখনও দেখা যায়নি।
![]() |
| File picture |
অন্যদিকে, ভেনেজুয়েলার রাজনৈতিক প্রেক্ষাপট এখন চরম অস্থির। দেশের নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী কার্যত অপহরণ করে নিউ ইয়র্কে নিয়ে গিয়েছে, যেখানে তাঁর বিরুদ্ধে মাদক পাচার ও অনুপ্রবেশের মদত দেওয়ার অভিযোগে বিচার শুরু হচ্ছে। বর্তমানে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেস সে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। ট্রাম্প প্রশাসন এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইতিমধ্যে ৫ কোটি ব্যারেল তেলের চুক্তি সম্পন্ন করেছে। ট্রাম্পের দাবি, এই বিপুল পরিমাণ তেল মার্কিন বাজারে এলে জ্বালানি তেলের দাম অনেকটাই কমবে।

0 Comments