বেঙ্গল মিরর ডেস্কঃ চলেছে দীর্ঘ আইনি টানাপড়েন। বাতিল হয়েছে চাকরি। এরই মধ্য নতুন করে শুরু করতে চলেছে এসএসসি। নতুন করে পরীক্ষার পথে হাঁটছে স্কুল সার্ভিস কমিশন। আগামী মার্চ মাসেই স্কুল স্তরের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে দিল কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ মার্চ গ্রুপ সি এবং ৮ মার্চ গ্রুপ ডি-র পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে, এবারের পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা নজরকাড়া। ১৬ লক্ষেরও বেশি চাকরিপ্রার্থী ইতিমধ্যেই ফর্ম জমা দিয়েছেন। তবে গ্রুপ সি-তে প্রায় ৩,০০০ এবং গ্রুপ ডি-তে প্রায় ৫,৫০০— মোট মিলিয়ে শূন্যপদ ৮,৫০০।
নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে চাকরি বাতিল হয়। সেই তালিকায় স্কুলের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরাও ছিলেন। পরে যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের চাকরি বহাল থাকে এবং তাঁদের নতুন করে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হলেও, গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে সেই পথ খোলা হয়নি। সেই সিদ্ধান্ত ঘিরেই রাজ্য রাজনীতিতে এবং রাস্তায় দীর্ঘদিন ধরে চলেছে ক্ষোভ ও আন্দোলন। গোটা প্যানেল বাতিল হওয়ার পর রাজ্য সরকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিলেও, সেই উদ্যোগেও সবুজ সংকেত মেলেনি। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বাতিল করে দেয় আদালত। এই পরিস্থিতিতেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেয় এসএসসি।জানা গিয়েছে, গ্রুপ সি-র লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের, আর গ্রুপ ডি-র পরীক্ষা হবে ৪০ নম্বরের। ২০১৬ সালে যেখানে গ্রুপ সি ও ডি মিলিয়ে আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ১৮ লক্ষ, সেখানে এবার সেই সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে প্রায় ১৬ লক্ষে। বিধানসভা নির্বাচনের মুখে গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনার কেন্দ্রে এসএসসি।

0 Comments