বেঙ্গল মিরর ডেস্ক: পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমার অবসর নিচ্ছেন ৩১ জানুয়ারি। তার আগেই পরবর্তী ডিজির নাম ঠিক করে ফেলল নবান্ন। জানা গিয়েছে , রাজ্য পুলিশের পরবর্তী ডিরেক্টর জেনারেল হচ্ছেন পীযূষ পাণ্ডে। একইসঙ্গে কলকাতা পুলিশের কমিশনার পদেও বদল আনা হচ্ছে। মনোজ ভার্মার জায়গায় কমিশনার হচ্ছেন সুপ্রতিম সরকার। মনোজ ভার্মাকে ডিরেক্টর সিকিউরিটি এডিজি (এসটিএফ) পদে পাঠানো হচ্ছে। বিনীত গোয়েলকে দেওয়া হয়েছে এডিজি আইনশৃঙ্খলা পদ। এডিজি এসটিএফ-র দায়িত্বে আনা হয়েছে জাভেদ শামিমকে।
দীর্ঘদিন ধরেই রাজ্য পুলিশে কোনো স্থায়ী ডিজি নেই। শেষ স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালবীয়। তিনি ২০২৩ সালে অবসর নেন। রাজীব কুমার বর্তমানে অস্থায়ীভাবে দায়িত্ব সামলালেও তাঁর কার্যকাল ফুরিয়ে আসছে। এমতাবস্থায় রাজ্য প্রশাসনের জন্য চ্যালেঞ্জ ছিল এমন একজনকে বেছে নেওয়া, যিনি অভিজ্ঞতার নিরিখে কেন্দ্রের কাছেও গ্রহণযোগ্য হবেন। শুক্রবারের রদবদলে যে নামটি উঠে এসেছে তিনি হলেন পীযূষ পাণ্ডে। ১৯৯৩ ব্যাচের এই আইপিএস ক্যাডার বর্তমানে পশ্চিমবঙ্গের পুলিশ মহলে অত্যন্ত দক্ষ আধিকারিক হিসেবে পরিচিত। তিনি ডিরেক্টর সিকিউরিটি হিসেবে কাজ করেছেন, যাঁর ওপর রাজ্যের ভিভিআইপি-দের নিরাপত্তার দায়িত্ব ছিল। এছাড়া এডিজি (ট্রাফিক) এবং এডিজি (কারা)-র মতো গুরুত্বপূর্ণ পদ সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। প্রশাসনিক কুশলতা এবং স্বচ্ছ ভাবমূর্তির কারণে পরিচিতি রয়েছে তাঁর।

0 Comments