জীবন ফিরে পেলাম, হাসপাতাল থেকে ছাড়া পেয়েই বললেন সৌরভ

বেঙ্গল মিরর ডেস্কঃ  আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় । হাসপাতাল থেকে বেরোনোর পর দাদাকে বেশ স্বাভাবিকই লাগছিল । তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন ডোনা ও স্নেহাশিস গঙ্গোপাধ্যায় । সঙ্গে ছিল পাইলট কারও ।

হাসপাতাল থেকে বেরোনোর সময় আজ দাদার পরনে খয়েরি রঙের ফুল জ্যাকেট, মুখে মাস্ক । বেরিয়ে প্রথমেই হাসপাতালের বাইরে অপেক্ষারত অনুরাগীদের উদ্দেশে হাত নাড়লেন মহারাজ । জানালেন- তিনি পুরোপুরি সুস্থ আছেন । ধন্যবাদ জানান কলকাতার ওই হাসপাতালের সকল চিকিৎসককে । দেবী শেটি থেকে শুরু করে তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা সকলকে ধন্যবাদ জানান সৌরভ গঙ্গোপাধ্যায় । বলেন, "জীবন ফিরে পেলাম । চিকিৎসকরা যতদিন বলবেন ততদিন বিশ্রাম নেব । আশা করি, দ্রুত আমি আবার উড়তে পারব ।"



উল্লেখ্য, গত শনিবার, ২ জানুয়ারি দুপুর থেকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা চলছিল। তাঁর তিনটি আর্টারিতে ব্লক ধরা পড়েছে । শনিবার বিকালেই তাঁর একটি আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে । বাকি দু'টি আর্টারিতেও স্টেন্ট বসানো হবে । তবে তা এখনই নয় । সৌরভের শারীরিক অবস্থা বুঝে এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ ।

Post a Comment

0 Comments