বাংলার মসনদে বিজেপি? বিভিন্ন সমীক্ষায় ইঙ্গিত পরিবর্তনের

আসিফ রেজা আনসারী

২০২৬ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শেষ হল বুধবার। প্রথম দফার মতো এ দিনের পরিসংখ্যানও বেশ সন্তোষজনক। ব্যাপকভাবে মানুষের সাড়া মিলেছে। মানুষ দলে দলে ভোটমুখী হয়েছেন। ইতিমধ্যে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা সামনে আসতে শুরু করেছে। মানুষের এই ব্যাপক অংশগ্রহণকে নিজেদের পক্ষেই বলে দাবি করছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে তৃণমূলের বিশ্বাস, মানুষ বিজেপির বিরুদ্ধে তাদেরকে ভোট দিয়েছে। স্বাভাবিকভাবে দুই দলের তরফে যখন নানান প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে, তখন বেশ কিছু সমীক্ষা রিপোর্ট বিজেপির পাল্লা ভারী বলে মনে করছে।

চাণক্য স্ট্র্যাটেজি পশ্চিমবঙ্গের যে সমীক্ষা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, বিজেপি ১৫০ পেরিয়ে গিয়েছে। ১৫০ থেকে ১৬০টি আসন পেতে পারে তারা। তৃণমূল পাচ্ছে ১৩০ থকে ১৪০টি আসন। কংগ্রেস পেতে পারে ২ থেকে ৪ আসন। অন্যদিকে, পি-মার্কের সমীক্ষাও পশ্চিমবঙ্গে বিজেপি-কে এগিয়ে রেখেছে। এই সংস্থার মতে, এই রাজ্যে ১৫০ থেকে ১৭৫টি আসনে জিততে পারে। তৃণমূল পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন এবং কংগ্রেস পেতে পারে ২ থেকে ৬ আসন। শুধু তাই নয়, পোল ডায়েরির সমীক্ষা অনুযায়ী, বিজেপি পেতে পারে ১৪২-১৭১ আসন। তৃণমূল পেতে পারে ৯৯-১২৭ আসন।

এখানেই শেষ নয়, কিছু সমীক্ষার মতে ক্ষমতার আসতে পারে তৃণমূল। পিপল্স পাল্সের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গে এবার জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। তৃণমূল পেতে পারে ১৭৭-১৮৭ আসন, বিজেপি পেতে পারে ৯৫-১১০ আসন, কংগ্রেস পেতে পারে ১-৩ আসন আর সিপিএম পেতে পারে ০-১ আসন। যদিও ইতিহাস বলে, বুথ ফেরত সমীক্ষা অনেক সময়েই ভুল হয়। তবে, ভোটারদের মনোভাবের ইঙ্গিত পেতে এ ধরনের সমীক্ষা অনেক সময় সহায়কও হয়। সমীক্ষক সংস্থা অ্যাপেক্স যে বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট পেশ করেছে তাতে দেখা যাচ্ছে ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৮১টি আসন। তা সীমাবদ্ধ থাকতে পারে ১৬৯-১৯৫টি আসনের মধ্যে। বিজেপি পেতে পারে ১০২ টি আসন। বিজেপির আসন সীমাবদ্ধ থাকতে পারে ৯৪-১২০টি আসনের মধ্যে। এরপরেই রয়েছে কংগ্রেস। কংগ্রেস গত বিধানসভায় কোনও আসন না পেলেও অ্যাপেক্স বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট বলছে কংগ্রেস পেতে পারে ৭টি আসন। তাদের আসন সীমাবদ্ধ থাকতে পারে ৫-১১টির মধ্যে। হুমায়ুন কবিরের অঅম জনতা উন্নয়ণ পার্টি দুটি আসন পেতে পারে। তা সীমাবদ্ধ থাকতে পারে ১-৩টির মধ্যে। সিপিএম ও আইএসএফ একটি করে আসন পেতে পারে।

Post a Comment

0 Comments