'বিজেপিকে একটিও ভোট নয়', বার্তা নাগরিক সমাজের

জাহানারা খাতুন

ফ্যাসিস্ট শক্তিকে আটকাতে সমস্ত মানুষকে বেশি করে ভোটমুখী হতে হবে। শুধু তাই নয়, একজন যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া উচিত, যিনি সংশ্লিষ্ট কেন্দ্রে বিজেপিকে আটকাতে পারবেন। শুক্রবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন থেকে এমনই বার্তা দিলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ দিন বিকেলে কলকাতার পার্ক সার্কাস সেভেন পয়েন্টের কাছে আইভরি ইন হোটেলে নাগরিক সমাজের পক্ষে এক সাংবাদিক সম্মেলন করা হয়।এই সাংবাদিক সম্মেলন থেকেই বিজেপিকে আটকানোর আহ্বান জানানো হয়।

এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বন্দিমুক্তি কমিটির সভাপতি ও মানবাধিকারকর্মী ছোটন দাস, সমাজকর্মী ডা. আদিল সরফরাজ, মানজার জামিল, আতহার আলি, আসিফ আলি, রাফে সিদ্দিকী, ফাইজ আনোয়ার-সহ বহু বিশিষ্টজন। এ দিন আতহার আলি বলেন, সাধারণ মানুষ ভীষণ আতঙ্কে রয়েছেন। বিজেপি মানুষের মধ্যে যে বিভাজন করছে এবং একটা শ্রেণির মানুষকে ভয় দেখাচ্ছে, এটা আটকাতে হলে অবশ্যই বিজেপিকে হারাতে পারবে এমন প্রার্থীকে ভোট দেওয়া উচিত। একইভাবে ডা. আদিল সরফরাজ  বলেন, আমাদের রাজ্যের আবহমানকালের যে শান্তি, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ বজায় রয়েছে, সেটাকে নষ্ট করতে চাইছে বিজেপি। তাই এই বিজেপি এবং আরএসএসকে আটকাতে মানুষকে একতাবদ্ধ হতে হবে। যে যেখানে বিজেপিকে আটকাতে পারবে, সেখানে এমন প্রার্থীকে ভোট দেওয়া উচিত।

সমাজকর্মী ছোটন দাসের বক্তব্য, এসআইআর করে যেভাবে মানুষের জীবনকে নাস্তানাবুদ করা হয়েছে। হাজার হাজার প্রান্তিক শ্রেণির মানুষ, যাদের কাছে কোনও কাগজ নেই কিন্তু তাদের অস্তিত্ব রয়েছে, এমন মানুষগুলোর পাশে থাকা দরকার। যদি বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে সেটা কিছুতেই হতে দেবে না। সমস্ত মানুষকে বেনাগরিক করার চেষ্টা করা হবে। তাই বাংলার সুধীজনদের উচিত হবে বিজেপিকে আটকানো। রাজ্যের সাধারণ মানুষ যাতে বেশি বেশি করে ভোটমুখী হন, সেই আহ্বানও জানান বিশিষ্টজনেরা।

সাংবাদিক সম্মেলনে সবার বক্তব্য, বাংলা ভাষা, সংস্কৃতি এবং ভ্রাতৃত্ববোধকে রক্ষা করতে সকলের উচিত ভোটমুখী হওয়া। শুধু তাই নয়, বিজেপিকে আটকাতেই হবে। বিজেপি যে বিভাজন তৈরি করছে এবং মানুষকে ভয় দেখাচ্ছে, এটা আটকাতে অবিলম্বে মানুষের জোট হওয়া উচিত বলেও মনে করেন বক্তারা। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের লড়াই করছে, তাই অবশ্যই তৃণমূল এগিয়ে রয়েছে। কিছু কিছু কেন্দ্রে বিজেপি বিরোধী অন্য দলও এগিয়ে রয়েছে। তাই সমাজকর্মীরা বক্তব্যে বলেন, আমরা কোন দলের হয়ে প্রচার করছি না কিন্তু বিজেপি বিরোধী শক্তিশালী প্রার্থীকে জেতানোর আহ্বান করছি। প্রথম দফার ভোটে মানুষ ব্যাপক সাড়া দিয়েছে, তাই দ্বিতীয় দফায় এমনই প্রত্যাশা করেন সবাই। 

Post a Comment

0 Comments