জ্ঞানেশ কুমারের অপসারণ? নির্দিষ্ট নিয়ম ও সময়ে সিদ্ধান্ত বার্তা লোকসভা স্পিকারের

বেঙ্গল মিরর ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এ ব্যাপক অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে বিরোধী শিবির রাজ্য ও জাতীয় রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে।  এরই মধ্যে লোকসভার স্পিকার ওম বিড়লা স্পষ্ট জানিয়ে দিলেন যে, সিইসি-র বিরুদ্ধে যে কোনও নতুন ইমপিচমেন্ট বা বরখাস্তের প্রস্তাব পেশ করা হলে তা সুনির্দিষ্ট নিয়ম ও আইনি বিধি মেনেই পরীক্ষা করা হবে। ভারতে অনুষ্ঠিত হতে চলা ১২তম ব্রিকস পার্লামেন্টারি ফোরামের উদ্বোধনী সাংবাদিক বৈঠকে স্পিকার ওম বিড়লা বলেন, "বিরোধী দলগুলি যখন অনাস্থা বা ইমপিচমেন্টের প্রস্তাব নিয়ে আসবে, তখন নির্দিষ্ট নিয়ম মেনেই আইনি প্রক্রিয়া এগোবে। সুপ্রিম কোর্টের বিচারপতিকে সরানোর জন্য যে নির্দিষ্ট আইনি পদ্ধতি রয়েছে, ঠিক একই ধরনের সুনির্দিষ্ট নিয়ম প্রধান নির্বাচন কমিশনারের ক্ষেত্রেও প্রযোজ্য। বিরোধীরা আনুষ্ঠানিকভাবে প্রস্তাব আনলে সংবিধান অনুযায়ী সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

Photo credit: FPJ

প্রসঙ্গত, এসআইআরে একক সিদ্ধান্ত গ্রহণ এবং একতরফা ক্ষমতা ব্যবহারের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণ এবং ২০২৩ সালের বিতর্কিত নির্বাচন কমিশন আইন বাতিলের দাবিতে ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন বিরোধী নেতারা। এর আগে বিরোধীদের তরফে তাঁকে পদচ্যুত করার দুটি প্রচেষ্টার মধ্যে প্রথমটি লোকসভা ও রাজ্যসভায় খারিজ হয়ে যায় এবং দ্বিতীয় নোটিসটি বর্তমানে উচ্চকক্ষে বিচারাধীন রয়েছে। সংবিধান অনুযায়ী, সুপ্রিম কোর্টের বিচারপতিকে অপসারিত করার মতো একই কঠোর সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই কেবল প্রধান নির্বাচন কমিশনারকে তাঁর পদ থেকে সরাব সম্ভব।

Post a Comment

0 Comments