কলকাতা-সহ রাজ্যের মোট সাতটি পুরসভায় নির্বাচনের প্রস্তুতি

বেঙ্গল মিরর ডেস্ক: কলকাতা-সহ রাজ্যের মোট সাতটি পুরসভায় নির্বাচন করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সূত্রে খবর, আগামী অক্টোবরের শেষ সপ্তাহে ভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। সেই অনুযায়ী নভেম্বরের শেষ সপ্তাহে ভোটগ্রহণ এবং ডিসেম্বরের শুরুতেই ফল ঘোষণার প্রাথমিক রূপরেখা প্রস্তুত করা হয়েছে। জানা গিয়েছে, প্রথম দফায় সাতটি পুরসভায় ভোট করার পরিকল্পনা নেওয়া হয়েছে।  এই তালিকায় আছে, কলকাতা , হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়ং। এই সবক'টি পুরসভা মিলিয়ে মোট ৬,৩০১টি বুথে ভোট নেওয়া হবে। প্রশাসনিক তোড়জোড় ইতিধ্যেই শুরু হয়ে গিয়েছে। এখানে বলে রাখা দরকার, এই মুহূর্তে রাজ্য নির্বাচন কমিশনের কাছে ২১,১৮৪টি ব্যালট ইউনিট রয়েছে। কন্ট্রোল ইউনিট রয়েছে ১৯,৫৬৪টি।


জানা গিয়েছে, শুক্রবার নির্বাচন প্রক্রিয়ার চূড়ান্ত খসড়া তৈরি করতে সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্তা। এ ছাড়া আগামী সপ্তাহ থেকেই জেলাগুলিতে ইভিএম পাঠাতে শুরু করবে কমিশন। বর্তমানে রাজ্যের ১২টি জেলার অন্তত ১৫টি পুরসভায় কোনও নির্বাচিত পুরবোর্ড নেই; প্রশাসক বসিয়েই আপাতত নাগরিক পরিষেবা প্রদান করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে নজিরবিহীন পরিস্থিতি হাওড়া পুরসভায়, যেখানে গত ১৩ বছর ধরে কোনও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। হাওড়ায় শেষ পুরভোট হয়েছিল ২০১৩ সালে এবং ২০১৮ সালে মেয়াদ শেষ হওয়ার পর থেকে সেখানে নির্বাচিত বোর্ড নেই। সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বকেয়া পুরভোট দ্রুত সেরে ফেলার পক্ষে কড়া বার্তা দিয়েছিলেন। এর পরেই নবান্নে পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল দীর্ঘ দিন ধরে আটকে থাকা পুরভোট নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিক বৈঠক করেন।

Post a Comment

0 Comments