বেঙ্গল মিরর, মালদা, ২৭ সেপ্টেম্বর: মালদা মুসলিম ইন্সটিটিউট কর্তৃপক্ষ সংবর্ধিত করল নিশান পত্রিকার সম্পাদক ড. আব্দুল অহাব, সহসম্পাদক মহ. আকমাল হোসেন, প্রচ্ছদ-শিল্পী নুর আহমেদ এবং অক্ষরবিন্যাসকারী তথা পৃষ্ঠাসজ্জা-শিল্পী আহমাদু্ল্লাহকে। এক অনুষ্ঠানে ইন্সটিটিউটের নিজস্ব ভবনে তাঁদেরকে মানপত্র, শালবস্ত্র ইত্যাদি দিয়ে সম্মানিত করেন পি.ডব্লু.ডি. (নির্মাণ বিভাগ)-এর প্রাক্তন এক্সেকিউটিভ অফিসার তথা মালদহ মুসলিম ইনস্টিটিউট কার্যনির্বাহী কমিটির সভাপতি মহ. আব্দুর রফিক, বিশিষ্ট সমাজসেবী তথা মালদহ মুসলিম ইনস্টিটিউট কার্যনির্বাহী কমিটির সম্পাদক ববি আহমেদ, পশ্চিমবঙ্গ সরকারের স্কুল দফতরের অফিসার তথা মালদহ মুসলিম ইনস্টিটিউট কার্যনির্বাহী কমিটির সহসভাপতি আব্দুল মুঈন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, প্রাক-স্বাধীন অবিভক্ত মালদা জেলার একটি ঐতিহাসিক ও গৌরবময় প্রতিষ্ঠান মালদা মুসলিম ইনস্টিটিউট। এর স্থাপনা হয়েছিল ১৯২৯ সালে তৎকালীন বহু বিদগ্ধ মুসলিম বুদ্ধিজীবী ও স্বাধীনতা সংগ্রামীদের উদ্যোগে। শতাব্দীপ্রাচীন এই প্রতিষ্ঠানের পত্রিকা নিশান প্রকাশিত হয়েছে ৩০শে আগস্ট ২০২৬ তারিখে। পত্রিকাটির গুণমানে আপ্লুত হয়েই পত্রিকার সঙ্গে যুক্ত ওই চার ব্যক্তিবর্গকে সম্মানিত করল ইন্সটিটিউট কর্তৃপক্ষ।

0 Comments