বেঙ্গল মিরর ডেস্ক: সরকার মানুষের জন্য কাজ করছে, সেগুলি তদারকি করা ও পরিষেবা সবার কাছে পৌঁছে দিতে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, 'অন্নপূর্ণা যোজনা'র কথা প্রচার করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। জানা গিয়েছে, অতিবৃষ্টিতে বন্যা পরিস্থিতি, অন্যদিকে আসন্ন পুজো ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা বিষয়ে জেলায় জেলায় বিধায়ক ও প্রশাসনিক কর্তাদের যৌথভাবে কাজ করার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক সূত্রে এমনটা খবর।
জানা গিয়েছে, নিউমার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনার বিশদ খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। দমকল প্রতিমন্ত্রী ঘটনার বিস্তারিত বিবরণ তাঁর কাছে তুলে ধরেন। শহরের পাশাপাশি জেলাগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা তৈরি, সেদিকে নজরদারি বাড়ানো এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, বন্যাদুর্গত এলাকার বিধায়কদের অবিলম্বে নিজ কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় বিডিও অফিসে গিয়ে ত্রাণ ও উদ্ধারকাজের তদারকি করা এবং ব্যক্তিগতভাবে এলাকা পরিদর্শনের দায়িত্ব সঁপেছেন মুখ্যমন্ত্রী।
এখানেই শেষ নয়, রাজ্য সরকারের 'অন্নপূর্ণা যোজনা' প্রকল্প ঘিরেও প্রচার জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা ইতিমধ্যেই এই প্রকল্পের সুযোগ সুবিধা পেয়েছেন, তাঁদের নিয়ে এলাকায় এলাকায় সম্মেলন ও ব্যাপক প্রচার চালানোর নির্দেশ এসেছে। পোর্টালে জমা পড়া আবেদনপত্রের গতিপ্রকৃতি যেমন প্রশাসনিক স্তরে দেখা হচ্ছে, তেমনই দলীয় স্তরেও নেতাদের সতর্ক নজর রাখতে বলা হয়েছে।
প্রসঙ্গত, অন্নপূর্ণা যোজনায় ১৭ থেকে ২০ অগস্টের মধ্যে প্রথম দফার ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেওয়া হবে। তবে সঠিক নথিপত্রের অভাবে প্রাথমিক পর্যায় ছাঁটাই হয়ে গিয়েছে প্রায় ১৭ লক্ষ আবেদন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ না থাকার জন্য ইটা হয়েছে বলে খবর। এছাড়া, আবেদনকারী নিজে বা পরিবারের কেউ সরকারি চাকরি করার কারণে কিংবা আয়কর দেওয়ার তথ্য সামনে আসায় বেশ কিছু আবেদন খারিজ হয়েছে বলেও খবর।
0 Comments