বিধানসভায় পিকে? বাঁকিপুর হারার পথে বিজেপি!

বেঙ্গল মিরর ডেস্ক: অতীতের রাজনীতির বিশ্লেষক থেকে সরাসরি রাজনৈতিক ময়দানে নেমে প্রথমবারই বড় চমক দিচ্ছেন প্রশান্ত কিশোর বা পিকে। সোমবার বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ভোটগণনার শুরুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখনও এগিয়ে রয়েছেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা। চতুর্থ রাউন্ডের গণনা শেষে বিজেপির নীরজ কুমার সিনহার চেয়ে ১ হাজার ১৪৫ ভোটে এগিয়ে রয়েছেন তিনি।


জানা গিয়েছে, সোমবার সকাল আটটা থেকে পাটনার এএন কলেজে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগণনা শুরু হয়। ২৬ জন প্রার্থীর এই হাই-প্রোফাইল লড়াইয়ে মোট ৩১ রাউন্ড গণনা হওয়ার কথা রয়েছে। চার রাউন্ডের শেষে প্রশান্ত কিশোর (জন সুরাজ) পেয়েছেন ৬ হাজার ২৬৯ ভোট। বিজেপি-র নীরজ কুমার সিনহা ৫ হাজার ১২৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন আরজেডি-র রেখা কুমারি। তিনি পেয়েছেন ৮৮৪ ভোট। 

প্রসঙ্গত, ১৯৯৫ সাল থেকে (তৎকালীন পাটনা পশ্চিম আসন-সহ) বাঁকিপুর আসনটি একটানা বিজেপির দখলে রয়েছে। সেই দুর্গ থেকেই নিজের রাজনৈতিক জীবনের প্রথম নির্বাচনে জয় ছিনিয়ে নিতে ময়দানে নেমেছেন পিকে। গত এপ্রিলে নীতীন নবীন রাজ্যসভায় নির্বাচিত হওয়ায় এই আসনটি খালি হয়। এর পরেই সেখানে উপনির্বাচনের ঘোষণা করা হয়। বিজেপি এই আসনে তরুণ মুখ নীরজ কুমার সিনহাকে প্রার্থী করেছে এবং আরজেডি ভরসা রেখেছে রেখা গুপ্তার ওপর। রেখা গত ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে নীতীন নবিনের কাছে ৫০ হাজারের বেশি ভোটে হেরেছিলেন। গত ৩০ জুলাই এই উপনির্বাচনে ভোট পড়েছিল মাত্র ৩৪.৩০ শতাংশ, যা গত বিধানসভা নির্বাচনের তুলনায় প্রায় ৭ শতাংশ কম।

Post a Comment

0 Comments