জাহানারা খাতুন
দুই দশকের বেশি সময় ধরে শিক্ষা ও পরিকাঠামো উন্নয়নে কাজ করছে সামাজিক সংস্থা কবিতীর্থ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড স্টাডিজ বা কিডস। বিভিন্ন সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়াদের মধ্যে মেধার বিকাশ, প্রতিযোগিতা তৈরি এবং শিক্ষার মান উন্নয়নের জন্য স্টুডেন্ট ইভ্যালুয়েশন টেস্ট বা সেট পরীক্ষা নেয় এই সংস্থাটি। ২০২৬ সালের প্রথম পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুলাই মাসের ১৯ তারিখ। রাজ্যজুড়ে প্রায় ২১ টি সেন্টারে পরীক্ষা হবে। বাংলা, উর্দু ও হিন্দিমাধ্যমের বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দশ হাজারেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা এতে অংশগ্রহণ করবে। এই প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় যারা ভালো ফলাফল করবে তাদের জন্য যেমন পুরস্কারের ব্যবস্থা রয়েছে, একইসঙ্গে স্কুলের মাস্টারমশাই এবং পিতা মাতাকেও পুরস্কৃত করবে সংস্থাটি। রবিবার সন্ধ্যায় কিডসের সদর দফতর খিদিরপুরে সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করেন সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ রিজওয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন মুহাম্মদ ইকবাল আনসারী, গোপাল সোনার, সারোয়ার হোসেন, নুসরাত হোসেন খান প্রমুখ।
জানা গিয়েছে, প্রথমবারের মতো কম্পিউটার বেসড টেস্টের বন্দোবস্ত করা হয়েছে। একইসঙ্গে ওএমআর পরীক্ষা সুযোগ থাকছে। বিগত দিনের মতো এবারের পরীক্ষাতেও কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার, স্কলারশিপ ইত্যাদি বন্দোবস্ত করা হবে। এবার যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের মধ্য থেকে ৩০ জন বালিকা ও ৩০ জন বালক বিভাগে মোট ৬০ জন ছাত্রছাত্রীকে বিশেষ যত্ন সহকারে পঠন-পাঠনের বন্দোবস্ত করবে কিডস। সেরা পড়ুয়াদের দেখভাল করা, খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করা এবং এক্সপার্ট শিক্ষকের মাধ্যমে পড়ানোর মন্তব্য করা হবে বলে ঘোষণা করা হয়েছে।

0 Comments