সুকান্ত সেতু-শিয়ালদহ ফ্লাইওভারের নিচে উচ্ছেদ নোটিশ! পেশা শঙ্কায় বহু পরিবার

বেঙ্গল মিরর ডেস্ক: বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যজুড়েই বুলডোজার অ্যাকশন চলছে। কসবা, তপসিয়া, পার্ক সার্কাস-সহ একাধিক এলাকায় অবৈধ নির্মাণ ভাঙার পর এবার শিয়ালদহ উড়ালপুলের নিচে গড়ে ওঠা বেআইনি বাজার ও দোকানপাট তুলে ফেলার কথা জানিয়ে দিল কলকাতা পুরনিগম। শিয়ালদহের বিদ্যাপতি সেতু এবং যাদবপুর-সন্তোষপুর সংযোগকারী সুকান্ত সেতুর নিচে থাকা হকারদের আগামী সাত দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ জারি হতেই শঙ্কায় বহু পরিবার। প্রায় ৩০ বছর ধরে যারা প্রতিটি সরকারের পরিবর্তনের সাথেই মানিয়ে জীপনযাপন করছিলেন।  আজ তাদের অস্তিত্ব চরম সঙ্কটে বলে দাবি।  ফুল ব্যবসায়ী থেকে খাবারের দোকান সকলেই চিন্তায়।


শনিবার কলকাতা পুরনিগমের পক্ষ থেকে দুই এলাকায় আনুষ্ঠানিক নোটিশ দিয়ে জানানো হয়েছে, এক সপ্তাহের মধ্যে স্বেচ্ছায় অবৈধ দখল সরিয়ে না নিলে কলকাতা পুর-কর্পোরেশন আইন, ১৯৮০ অনুযায়ী উচ্ছেদ অভিযান চালাবে। কিন্তু বহু ব্যবসায়ী প্রশ্ন তুললেন সেই নোটিশে না আছে কোন স্ট্যাম্প, না আছে সই।

প্রসঙ্গত, এর আগেও রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ রেল স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান চলেছে। হাওড়া, শিয়ালদহ, দমদম, পার্ক সার্কাস, হাবরা ও যাদবপুর স্টেশন সংলগ্ন অবৈধ দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবার সেই অভিযানের পরিধি বাড়িয়ে উড়ালপুলগুলির নিচের দখলদারি সরানোর কাজ শুরু হয়েছে। 

Post a Comment

0 Comments