লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৪

লখনউ, বেঙ্গল মিরর: ভয়ঙ্কর ঘটনা! এবার উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ১৪। শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রাণ বাঁচাতে জানলা ভেঙে ঝাঁপ দেন বহু পড়ুয়া। সোমবার দুপুরে হঠাৎ ওই বিল্ডিংয়ে আগুন ধরে যায়। ঘটনার সময় ওই কোচিং সেন্টারে অনেক পড়ুয়া ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে যায় এবং অনেকেই প্রাণ বাঁচাতে কোচিং সেন্টারের দোতলা থেকে নীচে ঝাঁপ দেন।


এই অগ্নিকাণ্ডে গুরুতর জখম আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। প্রশাসন সূত্রে খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। উত্তর-পূর্ব লখনউয়ের আলিগঞ্জ এলাকায় ওই কোচিং সেন্টারের নীচে পোষ্য জীবজন্তুর দোকান রয়েছে। স্থানীয় সূত্রে খবর, আগুন লাগার সঙ্গে সঙ্গে পড়ুয়ারা দোতলা থেকে লাফিয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োতে এক পড়ুয়াকে দোতলার ভাঙা জানলা দিয়ে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। প্রথমে ঝুলে থাকার চেষ্টা করলেও টাল সামলাতে না পেরে নীচে পড়ে যান। কিন্তু ঠিক কিভাবে আগুন লাগলো সেটা এখনও স্পষ্ট নয়। অগ্নিনির্বাপন যন্ত্র কাজ করছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ স্থানীয়দের সরিয়ে দেয়। দমকলকর্মীরা প্রথমে বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের মাত্রা এতটাই বেশি যে সেটা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকে। কিছু আটকে থাকা পড়ুয়াদের বাইরে বার করে আনেন দমকলকর্মীরা। 

Post a Comment

0 Comments