বেঙ্গল মিরর ডেস্ক: গত একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যজুড়ে নজিরবিহীন রাজনৈতিক হিংসার সুনামি বয়ে গিয়েছি। নতুন সরকার গড়ার পর এবার সেই ক্ষততে মলম লাগানোর প্রক্রিয়া শুরু করল বিজেপি। একুশের ভোট-পরবর্তী হিংসায় নিহত দলের ৩২১ জন কর্মীর পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ফলতার হাইভোল্টেজ নির্বাচনী সভা থেকে এই গুরুত্বপূর্ণ আশ্বাস দেন তিনি। পাশাপাশি বিগত জমানায় ফলতার বুকে যে সমস্ত বিজেপি কর্মীরা রাজনৈতিক হিংসার শিকার ও আক্রান্ত হয়েছিলেন, তাঁদের পুনর্বাসনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী।
এ দিন ফলতার নির্বাচনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, ‘‘একুশের নির্বাচনের পর রাজ্যের জেলায় জেলায় আমাদের ৩২১ জন কর্মীকে নৃশংসভাবে খুন হতে হয়েছিল। নতুন সরকার এই শহিদ পরিবারগুলির পাশে রয়েছে। নিহত ৩২১ জন বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের উপযুক্ত সরকারি চাকরি দেওয়া হবে।’’ মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কেন্দ্র করে এ দিন ফলতার জনসভায় উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। এ দিন আক্রান্ত কর্মীদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ফলতায় যে সমস্ত বিজেপি কর্মীরা বিগত দিনে আক্রান্ত হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন কিংবা যাঁদের রুজি-রুজি কেড়ে নেওয়া হয়েছে, তাঁদের জন্য রাজ্য সরকারের তরফে বিশেষ আর্থিক ও সামাজিক পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। নতুন জমানায় কেউ আর আতঙ্কে থাকবেন না।’’

0 Comments