বেঙ্গল মিরর ডেস্ক: রাজ্য সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার শিয়ালদহে সরকারি উদ্যোগে আয়োজিত ‘রোজগার মেলা’ থেকে তিনি জানান, ভবিষ্যতে চাকরির পরীক্ষায় অংশ নেওয়া প্রত্যেক পরীক্ষার্থীকে ওএমআর শিটের কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি মৌখিক পরীক্ষায় অতিরিক্ত নম্বর দেওয়ার বর্তমান ব্যবস্থাও পুনর্বিবেচনার আওতায় আনা হচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি।
রাজ্যের নতুন সরকারের তরফে নিয়োগ প্রক্রিয়াকে আরও বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ করার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্য, দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষাকে ঘিরে নানা অভিযোগ এবং বিতর্ক তৈরি হয়েছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে পরীক্ষার্থীদের মধ্যে আস্থা ফেরানো এখন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
এ দিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী জানান, প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পর তিনি আধিকারিকদের কাছে জানতে চান, সরকারি চাকরির পরীক্ষা কীভাবে নেওয়া হয়। তখন তাঁকে জানানো হয়, পরীক্ষাগুলি ওএমআর পদ্ধতিতে হলেও পরীক্ষার্থীদের হাতে কার্বন কপি তুলে দেওয়া হয় না। সেই ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর কথায়, “যে পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, তাঁর নিজের উত্তরপত্রের প্রতিলিপি হাতে থাকা উচিত। কার্বন কপি নিজেদের কাছে রেখে দেওয়ার সংস্কৃতি থেকেই স্বজনপোষণ এবং দুর্নীতির অভিযোগের জন্ম হয়েছে। তাই এই ব্যবস্থার পরিবর্তন জরুরি।”
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, নতুন নিয়োগ নীতিতে ওএমআর কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি নিয়োগের পুরো পদ্ধতি আরও স্বচ্ছ করতে লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার নম্বর এবং মৌখিক পরীক্ষার নম্বর বণ্টন নিয়েও নতুন করে ভাবনাচিন্তা চলছে। মৌখিক পরীক্ষায় অতিরিক্ত নম্বর দেওয়ার প্রবণতা নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে বলে মনে করছে প্রশাসনের একাংশ। সেই কারণেই মৌখিকের গুরুত্ব কমানোর দিকেই ঝুঁকছে সরকার।

0 Comments