বেঙ্গল মিরর ডেস্কঃ এই বছর বিধানসভা নির্বাচনের আবহে আচমকাই আইনি জটিলতায় জড়িয়ে পড়েন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। পুরনো একটি কবিতাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। সেই ঘটনাকে ঘিরে তীব্র চর্চা শুরু হয়েছিল রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে। অবশেষে শনিবার নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালতে হাজিরা দিলেন কবি। এ দিন শুনানির পর আদালত তাঁকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে। জানা গিয়েছে, ২০১৯ সালে আইনজীবী রোমিত শীল শ্রীজাতর বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগের কেন্দ্রবিন্দুতে ছিল ‘অভিশাপ’ নামে একটি কবিতা। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই ২০১৭ সালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন শ্রীজাত।
মামলাকারীর দাবি, কবিতার একাধিক অংশে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। বিশেষ করে শিবলিঙ্গ সংক্রান্ত একটি লাইন নিয়ে আপত্তি তোলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই আদালতে মামলা দায়ের হয়। মামলার শুনানির জন্য আদালতের তরফে একাধিকবার সমন পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু নির্ধারিত সময়ে কবি হাজির না হওয়ায় গত ২০ এপ্রিল তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আর ভোটের মুখে সেই নির্দেশ প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে শুরু হয় জোর বিতর্ক। একাংশের দাবি ছিল, রাজনৈতিক আবহের কারণেই বিষয়টি নতুন করে সামনে আনা হয়েছে। যদিও নির্বাচন কমিশনের তরফে সেই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়।
আজ শনিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। মামলাকারী পক্ষের আইনজীবী অবশ্য আদালতে দাবি করেন, বারবার ডাকা সত্ত্বেও কবি হাজিরা দেননি, তাই তাঁর জামিন মঞ্জুর করা উচিত নয়। তবে উভয় পক্ষের বক্তব্য শোনার পর শেষ পর্যন্ত জামিন দেয় আদালত। জামিনের সঙ্গে বেশ কিছু শর্তও বেঁধে দেওয়া হয়েছে। আদালতের অনুমতি ছাড়া আপাতত কৃষ্ণনগর ও কলকাতার বাইরে যেতে পারবেন না কবি। পাশাপাশি তাঁকে ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডও জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
0 Comments