বেঙ্গল মিরর ডেস্ক: সোমবার টানা জেরার পরে ইডি-র হাতে গ্রেফতার হলেন বিধাননগরের ‘দাদা’ তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিতে যাওয়ার পরই বয়ানে অসঙ্গতি এবং তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারী আধিকারিকরা।
জানা গিয়েছে, পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গত বছরও সুজিত বসুর বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভায় থাকাকালীন নিয়োগের ক্ষেত্রে বড়সড় অনিয়ম হয়েছিল এবং তাতে সুজিত বসুর সরাসরি যোগ ছিল। সেই সূত্র ধরেই বারংবার তাঁকে তলব করা হয়েছিল। তবে এবার ইডি-র দাবি, তাঁর বিরুদ্ধে বেশ কিছু অকাট্য তথ্য ও নথি হাতে এসেছে, যার ভিত্তিতেই এই গ্রেফতারি। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো প্রথম সারির তৃণমূল নেতারা জেল হেফাজত থেকে বেড়িয়েছেন। বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই রাজ্যে কোণঠাসা তৃণমূল। এই অবস্থায় দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সুজিত বসুর গ্রেফতারি জোড়াফুল শিবিরের জন্য যে বড় ধাক্কা, তা বলাই বাহুল্য।
0 Comments