২২ বছর পর জাতীয় লিগ চ্যাম্পিয়ন, ইস্টবেঙ্গল-এর প্রথম আইএসএল ট্রফি!

বেঙ্গল মিরর ডেস্কঃ  ২২ বছরের ক্ষরা কেটে অবশেষে প্রথম বার আইএসএল চ্যাম্পিয়ন হয়ে ভারতসেরার মুকুট মাথায় তুলল ইস্টবেঙ্গল। ম্যাচের ২৪ ঘণ্টা আগে দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো ফুটবলারদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন, শেষ ৯০ মিনিট যেন তাঁরা নিজেদের সেরাটা উজাড় করে দেন। গুরুর সেই মন্ত্র মেনেই কিশোর ভারতী স্টেডিয়ামে পিছিয়ে পড়েও ইন্টার কাশীকে হারিয়ে ইতিহাস গড়লেন মিগুয়েল, রশিদ, ইউসেফ এজেজারিরা। এ দিন কিশোর ভারতী স্টেডিয়ামে উপস্থিত ৮,১১২ জন লাল-হলুদ সমর্থকের চিৎকারে কান পাতা দায় ছিল। তবে ম্যাচের ১৪ মিনিটের মাথায় গ্যালারিকে স্তব্ধ করে দেয় ইন্টার কাশী। সুমিত পাসির একটি লম্বা বল ধরে পায়ের নিখুঁত টোকায় ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রভসুখন সিংহকে পরাস্ত করে গোল করে যান আলফ্রেড প্লানাস। ১-০ গোলে পিছিয়ে পড়েও দমে যায়নি ইস্টবেঙ্গল। বিশেষ করে বাঁ প্রান্ত ধরে বিপিন সিংহের একের পর এক বিষাক্ত ক্রস ভেসে আসতে থাকে ইন্টার কাশীর বক্সে। এর মাঝেই সমতা ফেরানোর সহজ সুযোগ নষ্ট করেন ইউসেফ এজেজারি। শুধু পায়ের ছোঁয়া লাগালেই যেখানে গোল হতো, সেখানে জোরে শট মারতে গিয়ে বল বারের ওপর দিয়ে উড়িয়ে দেন তিনি। প্রথমার্ধে পয়েন্ট তালিকায় পিছিয়ে থাকা ইন্টার কাশী বেশ কয়েকবার গোল করার পরিস্থিতি তৈরি করলেও প্রভসুখনের দক্ষতায় আর গোল খায়নি লাল-হলুদ। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় অস্কারের দল। খেতাবি লড়াইয়ে টিকে থাকতে হলে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পাওয়া অত্যন্ত জরুরি ছিল ইস্টবেঙ্গলের। সেই অনুযায়ী আক্রমণের ধার বাড়ায় তারা। ফলও মেলে হাতেনাতে; ৪৯ মিনিটের মাথায় ইন্টার কাশীর গোলরক্ষক শুভম ধাসের মস্ত বড় ভুলের সুযোগ নিয়ে গোল করে দলকে সমতায় ফেরান এজেজারি। ইস্টবেঙ্গলের এই ফরোয়ার্ডই চলতি মরসুমে সর্বাধিক গোলদাতার নজির গড়ে ‘সোনার বুট’ নিজের নামে করতে চলেছেন।


ম্যাচে সমতা ফিরলেও ড্রয়ে সন্তুষ্ট ছিলেন না অস্কার ব্রুজ়ো। ৭২ মিনিটের মাথায় কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় মশাল বাহিনী। সেই বিপিনেরই একটি চমৎকার ক্রসে পা ছুঁইয়ে ইস্টবেঙ্গলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন রশিদ। চলতি মরসুমে এটিই রশিদের প্রথম গোল, যা স্বর্ণাক্ষরে লেখা থাকবে লাল-হলুদের ইতিহাসে। গোলের পর আর আবেগ ধরে রাখতে পারেননি রশিদ, ফেন্সের ওপর উঠে সমর্থকদের সঙ্গে মাতেন বাঁধনভাঙা উল্লাসে। অন্য ম্যাচে মুম্বই এগিয়ে থাকায় অস্কারের দল জানত— ড্র করলেও ট্রফি হাতছাড়া হবে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত রক্ষণের দেওয়াল শক্ত রেখে ইন্টার কাশীর সমস্ত আক্রমণ প্রতিহত করে দেয় লাল-হলুদ ব্রিগেড। রেফারি শেষ বাঁশি বাজানোর সঙ্গেই সঙ্গেই মাঠ জুড়ে শুরু হয়ে যায় রাজকীয় উদযাপন। 

তথ্যসূত্র - ওয়াল

Post a Comment

0 Comments