বেঙ্গল মিরর ডেস্ক: ফের অস্বস্তি বাড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনী প্রচারের বিতর্কিত মন্তব্যের জেরে বিধাননগর সাইবার থানার পর এবার কলকাতার ভবানীপুর থানাতেও তাঁর বিরুদ্ধে নতুন একটি লিখিত অভিযোগ দায়ের হল। ফলে আইনি বিপাকে তৃণমূল নেতা।
পুলিশ সূত্রে খবর, এবার অভিষেকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন অর্ণবকান্তি দাস নামে এক ব্যক্তি। তাঁর দাবি, গত ২ মে সমাজমাধ্যমে একটি বিতর্কিত পোস্ট করেছিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। অভিযোগকারীর অভিযোগ, ওই পোস্টের ভাষা ও বিষয়বস্তু এতটাই সংবেদনশীল যে, তা সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতিকে বিঘ্নিত করতে পারে। একজন দায়িত্বশীল সাংসদ পদে থেকে কীভাবে তিনি এমন ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই ব্যক্তি। প্রমাণ হিসেবে সোশাল মিডিয়ার সেই বিতর্কিত পোস্টের একটি কপিও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই প্রাথমিক অনুসন্ধান ও তদন্ত প্রক্রিয়া শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ।
0 Comments