ইভিএম: সুরক্ষা ও নিরপেক্ষতার দাবিতে সরব তৃণমূল

বেঙ্গল মিরর ডেস্ক: বিভিন্ন স্ট্রংরুমে ইভিএম সুরক্ষার উপর প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এর প্রেক্ষিতে শুক্রবার তৃণমূলের প্রতিনিধিদল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে দেখা করে। ভোট দেওয়া ইভিএম এবং ভিভিপ্যাট রাখা একাধিক স্ট্রংরুমে সিসিটিভি নজরদারিতে বারবার এবং অত্যন্ত সন্দেহজনকভাবে ব্যাঘাত হচ্ছে বলে অভিযোগ তুলে তীব্র আপত্তি জানিয়েছে। তৃণমূলের বক্তব্য, এটি ভারতের নির্বাচন কমিশনের নিজস্ব নির্দেশিকার সরাসরি এবং ইচ্ছাকৃত লঙ্ঘন, যে নির্দেশিকায় অনুমোদিত দলীয় প্রতিনিধিদের দেখার সুযোগ সহ, টানা রেকর্ডিং এবং দিবারাত্রি নিরবচ্ছিন্ন সিসিটিভি নজরদারির কথা স্পষ্টভাবে বলা আছে।

এ দিন তৃণমূল দাবি জানিয়েছি যে, রাজ্যের প্রতিটি স্ট্রং রুমে সিসিটিভি খারাপ হওয়া, ব্যাঘাত ঘটা বা বন্ধ থাকার সমস্ত ঘটনার একটি সম্পূর্ণ রিপোর্ট অবিলম্বে তৈরি করতে হবে। নজরদারি ব্যাহত হওয়ার সমস্ত সময়ের বিস্তারিত লগ-সহ সম্পূর্ণ এবং এডিট না করা সিসিটিভি রেকর্ডিং সরবরাহ করতে হবে। রিয়েল-টাইম মনিটরিং এবং প্রতিটি গাফিলতির জবাবদিহি সহ সমস্ত সিসিটিভি সিস্টেমের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন কার্যকারিতা পুনরায় ফিরিয়ে আনতে হবে। নির্বাচন কমিশনের প্রোটোকল বা নিয়ম অনুযায়ী, অনুমোদিত প্রতিনিধিদের জন্য নজরদারির ফিড বা ফুটেজ টানা এবং বাধাহীনভাবে দেখার সুযোগ নিশ্চিত করতে হবে। যান্ত্রিক অন্তর্ঘাতের মাধ্যমে সাধারণ মানুষের রায়কে বিকৃত করার কোনো চেষ্টা বরদাস্ত করা হবে না।

Post a Comment

0 Comments