অন্তর্বর্তী জামিন পেলেন রাকেশ সিং, ফিরহাদের বিরুদ্ধেই বিজেপি তাস?

বেঙ্গল মিরর ডেস্ক: সোমবার কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন বিজেপি নেতা রাকেশ সিং। সোমবার বিচারপতি কৌশিক চন্দ বিজেপি এই নেতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার ফলে বাংলায় বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বাধা রইল না রাকেশের কাছে। বিজেপি এই নেতা অন্তর্বর্তী জামিন পাওয়ার পরই জল্পনা শুরু হয়েছে, এবার কি কলকাতা বন্দর আসনে প্রার্থীর নাম ঘোষণা করবে পদ্ম শিবির? কারণ, রাকেশকে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করতে পারে বলে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছে। এরই মধ্যে তিনি জমিন পেলেন। 

বিজেপির এই নেতা রাকেশের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠেছে। কসবা থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। সেই মামলাতেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। হাইকোর্টে জামিনের আবেদন জানান ধৃত বিজেপি নেতা। এ দিন বিচারপতি কৌশিক চন্দ ১ লক্ষ টাকার বন্ডে রাকেশের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। এর ফলে একদিকে বিজেপি এই নেতার যেমন প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনও বাধা রইল না। তেমনই নিজের বিধানসভা এলাকায় প্রচারও করতে পারবেন তিনি। 

জামিন নিয়ে রাকেশ সিংয়ের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় বলেন, “আমাদের তরফে আদালতে বলা হয়, ওঁর বিরুদ্ধে যতগুলি মামলা হয়েছে, সব মিথ্যে মামলা। এখন যে মামলাটি বিচারপতি শুনছেন, সেটাও মিথ্যা মামলা। এই মামলা করা হয়েছিল, যাতে উনি জেল থেকে বেরতে না পারেন। মহামান্য হাইকোর্ট সব শুনে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। বিচারপতি জানিয়েছেন, উনি কলকাতা বন্দর এলাকার বাইরে যাবেন না। ওই বিধানসভা এলাকায় প্রচার করতে পারবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।”

Post a Comment

0 Comments