বেঙ্গল মিরর ডেস্ক: জুডিশিয়াল অফিসাররা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া নিয়ে মঙ্গলবার এমনই নির্দেশ দিল শীর্ষ আদালত। শুধু তাই নয়, যদি কোনও জুডিশিয়াল অফিসার কোনও ভোটারের নাম বাদ দিয়ে দেন, সে ক্ষেত্রে তিনি আপিল করতে পারবেন নির্দিষ্ট ট্রাইব্যুনালে এমনটাও জানিয়েছে দেশের সুপ্রিম কোর্ট।
এসআইআর সংক্রান্ত এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এ দিন অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ পড়েছে এবং জুডিশিয়াল অফিসাররা যাঁদের দাবি খারিজ করেছেন, তাঁদের জন্য একটি স্বাধীন আপিল ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই ট্রাইব্যুনালে থাকবেন প্রাক্তন হাইকোর্টের প্রধান বিচারপতি ও বিচারপতিরা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করা হয়েছে—প্রয়োজনে কলকাতা হাইকোর্ট বা প্রতিবেশী রাজ্যের প্রাক্তন বিচারপতিদের নিয়ে এই ট্রাইব্যুনাল গঠনের সুপারিশ করতে।
এ দিন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, জুডিশিয়াল অফিসারদের দেওয়া সিদ্ধান্ত কোনও প্রশাসনিক বা নির্বাহী সংস্থার কাছে চ্যালেঞ্জ করা যাবে না। আপিল করতে হলে নতুন ট্রাইব্যুনালের কাছেই যেতে হবে। এই ট্রাইব্যুনালের সদস্যদের সাম্মানিক নির্ধারণ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তবে সেই সমস্ত খরচ বহন করবে নির্বাচন কমিশনই।
অন্যদিকে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ নিয়ে শুনানিতে আরও জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় যাঁদের নাম বিবেচনাধীন ছিল, তাঁদের মধ্যে ১০ লক্ষের ব্যপারে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন জুডিশিয়াল অফিসাররা। যাঁদের আপত্তি নিষ্পত্তি হয়েছে, তাঁদের নাম নিয়ে অতিরিক্ত তালিকা প্রকাশের বিষয়েও প্রশ্ন উঠেছে। এই বিষয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন—উভয় পক্ষকেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যাওয়ার স্বাধীনতা দিয়েছে সুপ্রিম কোর্ট।

0 Comments