বেঙ্গল মিরর ডেস্ক: কাল শনিবার শহরে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র শেষ লগ্নে ব্রিগেডে মেগা-সমাবেশ। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই হাই-ভোল্টেজ এই জনসভাকে কেন্দ্র করে মহানগরীতে ভিড়ের চাপ সামলাতে একগুচ্ছ বিধিনিষেধ জারি করল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার লালবাজারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, শনিবার ভোর থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
জানা গিয়েছে, শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতায় সমস্ত ধরনের ভারী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় বা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়ি যেমন— এলপিজি সিলিন্ডার, অক্সিজেন, তেল, সিএনজি, পেট্রোলিয়াম এবং দুধ, মাছ, ফল ও সবজি বহনকারী লরির ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবে না।
পুলিশ জানিয়েছে, শনিবার এসপ্ল্যানেড র্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইনসওয়েতে নিয়ন্ত্রিতভাবে গাড়ি চলবে। প্রয়োজনে পরিস্থিতি বুঝে এই রাস্তাগুলি থেকে গাড়ি অন্য পথে ঘুরিয়ে দেওয়া হতে পারে। এ ছাড়াও হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড পর্যন্ত এজেসি বোস রোড এবং খিদিরপুর রোডেও যান চলাচলে বিশেষ নজরদারি থাকবে। ভিভিআইপি মুভমেন্ট এবং মিছিলের সময় সাময়িকভাবে বন্ধ হতে পারে ট্রাম চলাচলও।
মোদির সমাবেশের কারণে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আশপাশ এবং সংলগ্ন একাধিক রাস্তায় গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে এবং ক্যাসুরিনা অ্যাভিনিউ-র মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে কোনও গাড়ি দাঁড় করানো যাবে না। ট্র্যাফিক পুলিশের প্রাত্যহিক বিধিনিষেধের পাশাপাশি এই বিশেষ নিয়মগুলিও কড়াকড়িভাবে কার্যকর থাকবে।

0 Comments