বেঙ্গল মিরর ডেস্ক: শনিবার প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের দিনেই রণক্ষেত্রের চেহারা নিল উত্তর কলকাতার গিরিশপার্ক এলাকা। অভিযোগ, রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী ডাক্তার শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করেছে বিজেপি কর্মীরা। পাল্টা পদ্ম শিবিরের দাবি, তাদের মিছিলে তৃণমূল কর্মীরাই প্রথমে হামলা চালায়। দুই পক্ষের এই হাতাহাতি থামাতে গিয়ে ইটের আঘাতে জখম হয়েছেন বৌবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্কর।
| Photo Credit JB Online |
এ দিন সকালে উত্তর কলকাতার বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মীরা মিছিল করে ব্রিগেডের দিকে যাচ্ছিলেন। গিরিশপার্কে মন্ত্রীর বাড়ির সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় উত্তেজনার সূত্রপাত। অভিযোগ, ব্রিগেডে যাওয়ার নাম করে বিজেপি আশ্রিত ‘দুষ্কৃতীরা’ পরিকল্পিতভাবে শশী পাঁজার বাসভবনকে নিশানা করে। ইটের আঘাতে বাড়ির জানালার কাচ ও সদর দরজার ক্ষতি হয়েছে বলে দাবি জোড়াফুল শিবিরের।
অন্যদিকে পাল্টা বিজেপির অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে বাধা দিতে তৃণমূল কর্মীরা আগে থেকেই মন্ত্রীর বাড়ির সামনে জমায়েত করেছিল। তাদের দাবি, পুলিশ নিষ্ক্রিয় দাঁড়িয়ে ছিল এবং শাসকদলের কর্মীরাই মিছিল লক্ষ্য করে প্রথম পাথর ছোড়ে। যার জেরে বিজেপির উত্তর কলকাতার সভাপতি তমোঘ্ন ঘোষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইটের আঘাতে রক্তাক্ত হন বৌবাজার থানার ওসি। এই মুহূর্তে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দফায় দফায় দুই পক্ষের মধ্যে বাদানুবাদে থমথমে হয়ে রয়েছে গিরিশ পার্ক চত্বর।
0 Comments