এখনই গ্রেফতার নয়: যৌন হেনস্তা মামলায় ফিরদৌস শামীমকে রক্ষাকবচ হাইকোর্টের

বেঙ্গল মিরর ডেস্ক: কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেলেন আইনজীবী ফিরদৌস শামীম। ৩১ মার্চ অবধি রক্ষাকবচ বহাল থাকবে তাঁর। জানা গিয়েছে, গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান ফিরদৌস। হেয়ার স্ট্রিট থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়ের করেন তারই জুনিয়ার একজন মহিলা আইনজীবী। এ নিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি, আবেদনকারী রাজনৈতিক প্রতিহিংসার শিকার। মামলার পরবর্তী শুনানি ২৪ মার্চ। তবে সরকারি আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে মামলার শুনানি হবে রুদ্ধদ্বার।

এক মহিলা আইনজীবীর দাবি, গত বছর তিনি ফিরদৌস শামীমের জুনিয়র হিসেবে তাঁর চেম্বারে যোগ দেন। নিজের চেম্বারেই ফিরদৌস শামীম তার শ্লীলতাহানি ও যৌন হেনস্থা করেন। মধ্য কলকাতায় হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ জানান ওই মহিলা আইনজীবী। ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায় জানান, আইনজীবী ফিরদৌস শামীমের বিরুদ্ধে এক মহিলা আইনজীবী যৌন হেনস্তা, কুরুচিকর মন্তব্য ও অশ্লীল আচরণে লিপ্ত হওয়ার অভিযোগ জানিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৪, ৭৫, ৭৯, ৩৫১(২), ১২৬(২) ধারায় শ্লীলতাহানি, যৌন হেনস্তা, অশ্লীল আচরণ, অপরাধমূলক ভীতি প্রদর্শন, অন্যায়ভাবে আটকে রাখার মামলা দায়ের হয়েছে।

এ দিকে এই মামলা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমে জানান যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বলেন, আমরা ফিরদৌস শামীমের পাশে থাকব। রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন মামলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাই চক্রান্ত করা হয়েছে বলেই মনে করছে বিরোধী শিবির। 

Post a Comment

0 Comments