বেঙ্গল মিরর ডেস্ক: বাজেট নিয়ে সরকারকে বিদ্ধ করছে বিরোধীরা। এবার এ নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বিধায়ক নওসাদ। রাজ্য বাজেট থেকে কোনও স্পষ্ট দিশা মিলল না। এই অভিযোগ তুলে ভোট অন অ্যাকাউন্টের তীব্র সমালোচনা করলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। তাঁর বক্তব্য, গোটা বাজেটটাই ঘুরে ফিরে ভাতা ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকল। ৫০০, ১০০০, ১৫০০ টাকার অঙ্ক ছাড়া কর্মসংস্থান, শিল্প বা স্থায়ী কাজের কোনও রূপরেখা উঠে এল না।
নওসাদের দাবি, বাংলায় লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী রয়েছেন। কিন্তু বাজেটে কোথাও বলা হল না, কত হাজার বা কত লক্ষ চাকরি তৈরি হবে, কী ভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে, শিল্প স্থাপনের মাধ্যমে কী ভাবে অর্থনীতিকে চাঙ্গা করা হবে। তার বদলে আবারও ভাতার কথাই শোনানো হল।
![]() |
| TBM Graphics |
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রেও বাজেটকে একমুখী বলে আক্রমণ করেন ভাঙড়ের বিধায়ক। তাঁর বক্তব্য, গোটা স্বাস্থ্য পরিষেবাকে কার্যত ‘স্বাস্থ্যসাথী’ কার্ডের উপর দাঁড় করিয়ে রাখা হয়েছে। গ্রাম, মফস্বল থেকে শুরু করে শহরের সাধারণ মানুষ কী ভাবে সার্বিক ও বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন, সেই বিষয়ে বাজেটে কোনও স্পষ্ট দিশা নেই। রাজ্য সরকারি কর্মচারীদের প্রসঙ্গ তুলে তাঁর অভিযোগ, কর্মচারীদের ন্যায্য পাওনা মেটানোর কোনও সদিচ্ছা বাজেটে প্রতিফলিত হয়নি। বেকার যুবকদের জন্য ১৫০০ টাকা ভাতা ঘোষণাকে নিছক ভোটের চমক বলেও কটাক্ষ করেন আইএসএফ বিধায়ক। তাঁর স্পষ্ট বক্তব্য, ভাতা নয়, কাজের ব্যবস্থা হলে তবেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। নওসাদের কথায়, “এই ভাতার বদলে যদি কর্মসংস্থানের ঘোষণা করা হত, কাজের সুযোগ তৈরি হত, তা হলে আমি নিজে বিরোধী আসনে বসে টেবিল চাপড়াতাম।”

0 Comments