বেঙ্গল মিরর ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে বহু যোগ্য মানুষকে ভোটার তালিকা বাদ দেওয়ার চক্রান্ত চলছে। বারবার এমনই অভিযোগ করছে বিরোধীরা। এবার একই অভিযোগে রাজ্যের সিইও অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযান করল প্রদেশ কংগ্রেস। সোমবার দুপুরে সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে সেখানে যান এবং স্মারকলিপি জমা করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ এক ঝাঁক তরুন নেতাকর্মী।
কর্মসূচিতে উপস্থিত কংগ্রেস নেতারা বলেন, তথাকথিত "Logical Discrepancy"-র নামে পশ্চিমবঙ্গের SIR-প্রক্রিয়ায় যেভাবে ১ কোটির বেশি ভোটারকে নোটিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করার দাবিতে সিইও মনোজকুমার আগরওয়ালের দফতরের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে। বিহারের পর পশ্চিমবঙ্গেও অনুপ্রবেশকারী খুঁজে না পেয়ে শেষে বৈধ ভোটারদের নাম কাটার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুশিয়ারি দেওয়া হয়। পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় আজ সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের পক্ষ থেকেও হলফনামা দায়ের করা হয়েছে।

0 Comments