পূর্ণাঙ্গ সমীক্ষার মাধ্যমে ওবিসি সংরক্ষণের দাবি

বেঙ্গল মিরর ডেস্ক: রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসি নিয়ে বিভিন্ন সংগঠন কাজ করছে। এরই মধ্যে বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ সমীক্ষা করে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করার মাধ্যমে পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণের দাবি তুলল বৈষম্য বিরোধী ছাত্র মঞ্চ। শুক্রবার বিকালে এ নিয়ে কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন হয়। প্রেসক্লাবে সেই সাংবাদিক সম্মেলনে দাবির স্বপক্ষে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃত্ব সহ বিশিষ্টজনেরা।

কলকাতা প্রেস ক্লাবে এ দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আমলা ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ জহর সরকার, গবেষক সাবির আহমেদ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজেশ্বর সিনহা, সংগঠনের অন্যতম নেতৃত্ব নজরুল জমাদার প্রমুখ।

বর্তমানে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা কীভাবে দিনের পর দিন পিছিয়ে পড়ছে এবং সরকারিভাবে তাদের উন্নতির জন্য এবং সমাজে সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে উদাসীনতা রয়েছে, তা তুলে ধরেন সাবির আহমেদ। তার দাবি, পূর্ণাঙ্গ সমীক্ষা করে সত্যি সত্যি যারা পিছিয়ে আছে তাদের সংরক্ষণের সুবিধা দিয়ে সমাজকে সমুন্নত করতে হবে। মুসলিম সমাজকে নিয়ে একটা নোংরা রাজনীতি চলছে, ভোটব্যাঙ্ক হিসাবে গণ্য করার মানসিকতা ত্যাগ করার দাবি তোলেন তিনি। একই বিষয়ে সরব হন জহর সরকার।

সাবেক আমলা জহর সরকার দাবি করেন, মুসলিমরা শুধু ভোটব্যাঙ্ক হিসেবে কেন থাকবেন ভোটের অংক না দেখে বরং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারকে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। বহু মানুষ কয়েক পুরুষ আগে একই ধর্ম এবং গোত্রের ছিল কিন্তু তাদেরকে একইভাবে কেন দেখা হবে না? এ বিষয়টি তুলে ধরেন জহর সরকার। কোনো বেঞ্চমার্ক নয় বরং পূর্ণাঙ্গ সমীক্ষার মাধ্যমে সংরক্ষণের জন্য তিনি দাবি তোলেন। একই বিষয়ে আলোকপাত করেন অধ্যাপক রাজেশ্বর সিনহা। তিনি বলেন, ওবিসি বিষয় নিয়ে ভালো করে ভাবার সময় এসেছে। শুধু নির্বাচনকে সামনে রেখে যেভাবে সবকিছু নির্ধারিত হচ্ছে তা সঠিক নয়। আর আগামীদিনে বড় আন্দোলনের বার্তাও দেন আয়োজকদের অন্যতম সদস্য নজরুল জমাদার।  

Post a Comment

0 Comments