গভীর রাতে তরুণীর শ্লীলতাহানি, তাড়া করে 'দুষ্টু' ছেলেদের ধরল কলকাতা পুলিশ

বেঙ্গল মিরর ডেস্ক: অন্য শহরের তুলনায় কলকাতা যে নিরাপদ ফের প্রমাণিত হল। পুলিশের তৎপরতায় ধরা পড়ল 'দুষ্টু' ছেলে। গভীর রাতে  দক্ষিণ কলকাতার পাটুলি মোড় এলাকায় শ্লীলতাহানির শিকার হয় এক তরুণী। বুধবার রাত প্রায় ১২টা নাগাদ এই ঘটনাটি ঘটে। অভিযোগ, রাস্তায় দাঁড়িয়ে থাকা চার যুবক প্রথমে তরুণীকে লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। প্রতিবাদ করতেই তাঁদের আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। আরও অভিযোগ, তাঁরা তরুণীর গায়ে হাত দেন, জামা ধরে টানাটানি করেন এবং ধাক্কাধাক্কি করেন। কিছুটা দুরেই টহলদারি করছিল পুলিশ। তরুণী জোরে চিৎকার করলে  পুলিশের ভ্যান ঘটনাস্থলে পৌঁছে যায়। তাঁদের কাছে পুরো ঘটনা জানান তিনি।


এ দিকে চার অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তৎক্ষণাৎ ধাওয়া করে তাঁদের ধরে ফেলে। জানা গিয়েছে, ধৃত চার যুবকের নাম দেবাংশু দাস (২৩), পল্লবকুমার হালদার (২৩), শুভজিৎ মণ্ডল (২৫) এবং সুমন দাস (২৬)। চারজনই কলকাতার বাসিন্দা। ঘটনার সময় তরুণী তাঁর সঙ্গীর সঙ্গে পাটুলির একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। সেইসময়েই অভিযুক্তরা তরুণীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, পাটুলি মোড় এলাকায় রাত বাড়লেই অসামাজিক কার্যকলাপ বেড়ে যায়। নিয়মিত পুলিশ টহল থাকলেও মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়েছে। পুলিশ অবশ্য জানিয়েছে, রাতের টহল আরও কড়া করা হবে এবং মহিলাদের নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হবে। মানুষ সেটাই চাইছে। 

Post a Comment

0 Comments