৫২তম প্রতিষ্ঠা দিবসে একাধিক কর্মসূচি সিনির

বেঙ্গল মিরর ডেস্কঃ চাইল্ড ইন নিড ইনস্টিটিউট, ভারতের অন্যতম শীর্ষস্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা, ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাদের ৫২তম প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপন করল। কলকাতার দক্ষিণ প্রান্তে প্রকৃতির কোলে গড়ে ওঠা চাইল্ড ইন নিড ইনস্টিটিউট পরিচালিত বিদ্যালয় ‘সিরিল একাডেমি’-র ক্যাম্পাসে সিনির প্রতিষ্ঠা দিবসে ভারতের চারটি রাজ্য থেকে আগত চারজন কিশোর ও কিশোরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন  তুলিকা দাস এবং উপদেষ্টা অনন্যা চক্রবর্তী চ্যাটার্জি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

৫২ বছর ধরে চাইল্ড ইন নিড ইনস্টিটিউট দেশের আটটি রাজ্যে প্রায় এক কোটি মানুষের সঙ্গে মাতৃ, শিশু ও কিশোর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, সুরক্ষা এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কাজ করে আসছে। এই উপলক্ষে সংস্থার মুখ্য নির্বাহী আধিকারিক ডা. ইন্দ্রাণী ভট্টাচার্য চাইল্ড ইন নিড ইনস্টিটিউটের নতুন উদ্যোগ “শুভায়ু”-র উদ্বোধন করেন, যা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর কেন্দ্রীভূত। তিনি বলেন, অসংক্রামক রোগ বৃদ্ধির এই সময়ে সমাজের বিভিন্ন স্তরের সব বয়সের মানুষের স্বাস্থ্য ও সুস্থতাকে সামনে রেখে এই উদ্যোগ আগামী দিনে কাজ করবে। এই দিনে উপস্থিত সকলের জন্য রক্তে শর্করার মাত্রা, রক্তচাপ এবং অন্যান্য প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করা হয়। রাজ্যের প্রতিমন্ত্রী চাইল্ড ইন নিড ইনস্টিটিউটের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক এবং সংস্থার কাজের বিস্তৃত ক্ষেত্র সম্পর্কে বক্তব্য রাখেন।


সিনি সমাজে অবদানের জন্য একাধিক সংস্থা ও ব্যক্তিকে সম্মানিত করে। এর মধ্যে ছিলেন উত্তরবঙ্গের বন্যার সময় দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক ইরফান মোল্লা হোসেন; ‘ওড়িশার পরিবেশ মানব’ নামে পরিচিত সত্‌বিক সোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সত্যব্রত শামাল; ফুলের বর্জ্য ব্যবস্থাপনায় সিইএসসি ও চাইল্ড ইন নিড ইনস্টিটিউটের সঙ্গে গুরুত্বপূর্ণ কাজের জন্য দমদম পৌরসভা; শিশুদের ডায়াবেটিস প্রতিরোধে দেশব্যাপী উল্লেখযোগ্য অবদানের জন্য আরোগ্য ওয়ার্ল্ড; সুন্দরবনের মৈপীঠ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও শিশুদের ডুবে যাওয়া থেকে রক্ষা করার জন্য গৃহীত গঠনমূলক উদ্যোগের জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত জ্যোৎস্না হালদার; এবং শিশু ডুবে যাওয়া প্রতিরোধে চাইল্ড ইন নিড ইনস্টিটিউটের উদ্যোগে সহযোগিতার জন্য ১৫ জন “কবচ-মা”। এই দিনে চাইল্ড ইন নিড ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সম্পাদক ডা. সমীর চৌধুরি ২০২৪–২৫ অর্থবর্ষের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং মানুষের সঙ্গে ও মানুষের জন্য চাইল্ড ইন নিড ইনস্টিটিউটের আগামী দিনের পথচলার রূপরেখা তুলে ধরেন।

Post a Comment

0 Comments